আইপিএলে বৈভব সূর্যবংশী যা করে দেখিয়েছে তাতে মুগ্ধ গ্রেগ চ্যাপেল। নিজের কলামে বৈভবের প্রশংসা করেছেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেট, বিশেষত আইপিএল যে ভাবে মূলত ব্যাটারদের খেলা হয়ে গিয়েছে তাতে বিরক্ত তিনি। তাঁর মতে, অসাধারণ পারফরম্যান্সও এখন নিত্যদিনের ব্যাপার হয়ে গিয়েছে। তাই তিনটি নিয়ম বদলের পরামর্শ দিয়েছেন।
নিজের কলামে চ্যাপেল লিখেছেন, “১৫ বছর বয়সে বৈভব সূর্যবংশী আইপিএলে শুধু ছাপই ফেলেনি, একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। ২৩৭.৩ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে ও বিশ্বের সবচেয়ে ভাল বোলিং আক্রমণকেও ছিন্নভিন্ন করে দিয়েছে। এক মরসুমে ৭২টা ছয় মেরে টপকে গিয়েছে ক্রিস গেলের নজিরকেও। সাধারণ ক্রিকেটীয় যুক্তিতে ওর পারফরম্যান্স বর্ণনাই করা যাবে না।”
তবে এমন পারফরম্যান্স যে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভাল নয় এটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। লিখেছেন, “শারীরিক গঠনও ঠিক মতো হয়নি, এমন একটা বাচ্ছা ছেলে যদি বিশ্বমঞ্চে পা রেখে আন্তর্জাতিক বোলারদের এ ভাবে শাসন করতে থাকে, তা হলে খেলাটার মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে সেটা বোঝা যায়।”
চ্যাপেলের মতে, আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের মতো যেগুলি চালু করা হয়েছে তা আদতে এই ফরম্যাটকে পুরোপুরি ব্যাটারদের করে তুলেছে। তিনি লিখেছেন, “ইমপ্যাক্ট প্লেয়ারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের ভারসাম্য ভেঙে দিয়েছে। দলগুলো অনায়াসে একজন অতিরিক্ত ব্যাটার খেলিয়ে দিচ্ছে।”
চ্যাপেলের মতে, ব্যাটিং দলগুলির হাতে সর্বোচ্চ ছ’টি উইকেট থাকবে। কারণ এখনকার দিনে ব্যাটিং গভীরতার কারণে দলগুলি ইচ্ছেমতো উইকেট ছুড়ে দিয়ে আসতে পারছে। নতুন নিয়ম চালু হলে ব্যাটিং ধস আটকানো যাবে।
পিচে আরও ঘাস রাখার পরামর্শ দিয়েছেন চ্যাপেল। অন্তত তিন মিলিমিটার ঘাস রাখতে বলেছেন তিনি, যাতে জোরে বোলারেরা সুবিধা পান। এক দিকে ঘাস এবং এক দিক শুষ্ক, এমন পিচ বানাতে বলেছেন তিনি।
আরও পড়ুন:
এলবিডব্লিউ নিয়ম তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন চ্যাপেল। তাঁর মতে, যে বল সরাসরি উইকেট লাগবে বলে মনে করা হচ্ছে, তেমন ক্ষেত্রে আম্পায়ার সরাসরি আউট দিতে পারেন। এখনকার নিয়মে সুবিধা পাচ্ছেন ব্যাটারেরা।