প্রথম টেস্ট খেলতে নেমেই ম্যাচের সেরা। ম্যাচে ৬২ রান দিয়ে ৭ উইকেট এবং ২৮ রান। স্বভাবতই উচ্ছ্বসিত রাজস্থানের ২৩ বছরের অলরাউন্ডার। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারকে ধৈর্যের সাফল্য বলেছেন তিনি।
ম্যাচের পর সুতার বলেছেন, ‘‘এই অনুভূতিটা বলে বোঝাতে পারব না। মনে হচ্ছে, হাওয়ায় উড়ছি। ব্যাট করতে নেমে বুঝেছিলাম সাফল্য পেতে পারি। কয়েকটা বল খেলার পর আত্মবিশ্বাস আরও বাড়ে। পরে নির্দিষ্ট একটা লেংথে বল করার চেষ্টা করেছি। প্রথম ওভার থেকেই চেষ্টা করেছি। যে বলগুলো করতে পারি, সেগুলোই চেষ্টা করেছি। পিচ একটু মন্থর ছিল। তাই একটু বেশি পরিশ্রম করতে হয়েছে।’’
অভিষেক টেস্টে প্রথম ওভারেই উইকেট পেয়ে নজির গড়েছেন সুতার। তা নিয়ে বলেছেন, ‘‘ওই মুহূর্তটা ভুলতে পারব না। আমার হৃদয়ে থাকবে। লাল বলের ক্রিকেটে একই জায়গায় বল করে যাওয়াটা গুরুত্বপূর্ণ। ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আশা করব, বল হাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’’
আরও পড়ুন:
আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে হারিয়ে নজির গড়েছে শুভমন গিলের দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়।