দেশের সবচেয়ে দ্রুতগামী মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ২৩ কিলোমিটার পথ পাড়ি দেবে এই মেট্রো। উত্তরপ্রদেশের মেরঠ থেকে মোদীপুরম পর্যন্ত দেশের দ্রুতগামী মেট্রোয় সওয়ার হতে পারবেন যাত্রীরা। রবিবার দুপুরে মেরঠে সবুজ পতাকা নেড়ে এই মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে ৮২ কিমি দীর্ঘ ‘নমো ভারত’ ট্রেন করিডরের অবশিষ্ট অংশেরও সূচনা করেন প্রধানমন্ত্রী। রিজিওনাল ব়্যাপিড ট্রানজিট সিস্টেম (আরআরটিএস) পদ্ধতিতে একই লাইনে ছুটবে মেরঠ মেট্রো এবং নমো ভারত ট্রেন।
রবিবার থেকে দিল্লি এবং মেরঠের মধ্যে যোগাযোগ আরও মসৃণ হল। এ বার জাতীয় নিরাপত্তা অঞ্চল (এনসিআর)-এর বাসিন্দারা আরও দ্রুত দিল্লি পৌঁছোতে পারবেন।
রবিবার মেরঠের শতাব্দী নগর স্টেশনে ‘নমো ভারত’ ট্রেন এবং মেরঠ মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্বোধনের পর নতুন মেট্রোয় সওয়ার হন প্রধানমন্ত্রী। কথা বলেন স্কুলের পড়ুয়াদের সঙ্গে। মেরঠে মোট ১২,৯৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি।