হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে দেখতে এমসে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবীয়া। টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বুধবার আচমকা অসুস্থ হয়ে পড়ায় এমসে ভর্তি করানো হয়েছিল মনমোহনকে। বৃহস্পতিবার সকালে অবশ্য হাসপাতালের তরফে জানানো হয়েছে মনমোহনের শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তিনি এখন স্থিতিশীল।
I pray for the good health and speedy recovery of Dr. Manmohan Singh Ji.
— Narendra Modi (@narendramodi) October 14, 2021
জ্বর এবং শারীরিক দুর্বলতা নিয়ে বুধবার দিল্লির এমসে ভর্তি করানো হয় মনমোহনকে। ৮৯ বছরের কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য মনমোহন এর বেশ কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়ে এমসে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর সুস্থতা কামনা করে একটি টুইট করে মোদী লিখেছেন, ‘আমি মনমোহনজির সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করি।’
পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখও এমসে যান মনমোহনের স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে খবর নিতে। চিকিৎসক নীতীশ নায়েকের নেতৃত্বাধীন হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল মনমোহনের দেখাশোনা করছেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মনমোহনের চিকিৎসকদের কথা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।