E-Paper

মানহানি মামলায় হাজিরা রাহুলের

২০১৮ সালে কর্নাটক বিধানসভা ভোটের সময় বেঙ্গালুরুতে একটি জনসভায় করা মন্তব্যের জেরে বিপাকে পড়েন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এক বিজেপি কর্মী অভিযোগ করেন, রাহুল গান্ধী তাঁর সভা থেকে অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৯
লখনউ বিমানবন্দরে রাহুল গান্ধী। শুক্রবার।

লখনউ বিমানবন্দরে রাহুল গান্ধী। শুক্রবার। ছবি: পিটিআই।

ছ’বছর আগে কর্নাটক বিধানসভা ভোটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করা একটি মন্তব্যের জেরে দায়ের হওয়া অপরাধমূলক মানহানির মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুরের সাংসদ-বিধায়ক আদালতে হাজিরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে বিচারকের সামনে নিজের বক্তব্য নথিভুক্ত করেন তিনি। ওই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৯ মার্চ।

২০১৮ সালে কর্নাটক বিধানসভা ভোটের সময় বেঙ্গালুরুতে একটি জনসভায় করা মন্তব্যের জেরে বিপাকে পড়েন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এক বিজেপি কর্মী অভিযোগ করেন, রাহুল গান্ধী তাঁর সভা থেকে অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। এ নিয়ে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় বিচারক তাঁকে সশরীর হাজির হয়ে নিজের বক্তব্য নথিভুক্ত করতে নির্দেশ দেন। রাহুলের আইনজীবী গোটা মামলাই সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেও বিচারকের নির্দেশ ছিল, রাহুলকে হাজির হতে হবে। শুক্রবার ছিল সেই হাজিরার শেষ দিন।

সুলতানপুরের লাগোয়া রায়বরেলীর সাংসদ রাহুল। এ দিন তিনি যখন সুলতানপুর আদালতে পৌঁছন, তত ক্ষণে গোটা এলাকা ভরে গিয়েছে স্থানীয় কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে। তাঁরা রাহুল গান্ধীর নামে জয়ধ্বনি করার পাশাপাশি বিজেপি তথা নরেন্দ্র মোদী-অমিত শাহের বিরুদ্ধে স্লোগানও দেন। ভিড় সামলাতে বেগ পেতে হয় পুলিশকেও। রাহুল রিচারকের কাছে গিয়ে নিজের বয়ান নথিভুক্ত করে বাইরে এসে কংগ্রেস কর্মীদের সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন। তার পরে তিনি চলে যান রামচেত নামে এক চর্মকারের দোকানে। এর আগেও রামচেতের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সে সময় তাঁর পাশে বসে জুতো সেলাই করা শিখেছিলেন রাহুল। পরে তাঁকে একটি সেলাই মেশিনও উপহার দেন তিনি। কয়েক মাস আগে ক্যানসারে মৃত্যু হয়েছে রামচেতের বাবার। এ দিন তাঁর সঙ্গে দেখা করে শোকপ্রকাশ করার পাশাপাশি বেশ কিছু ক্ষণ রেমচেতের সঙ্গে কথাও বলেন রাহুল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress Amit Shah BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy