প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও শোভাযাত্রায় নারীশক্তির জয়জয়কারের সাক্ষী থেকেছে রাজধানীর কর্তব্যপথ। তাতে সেনাবাহিনীর মহিলাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। কখনও মোটরবাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট দেখিয়েছেন। কখনও বা কুচকাওয়াজের নেতৃত্ব দিয়েছেন। আবার যুদ্ধবিমানও উড়িয়েছেন। তবে আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ থেকে ট্যাবলো— গোটা শোভাযাত্রায় শুধুমাত্র মহিলাদের দেখা যেতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমনই চিন্তা-ভাবনা করছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।
সরকারি সূত্রের দাবি, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণের প্রস্তাব দিয়ে একটি অফিস মেমো জারি করেছে মন্ত্রক। যদিও তা এখনও পরিকল্পনার স্তরে রয়েছে। বিষয়টি সেনা-সহ স্বরাষ্ট্র, সংস্কৃতি এবং নগরোন্নয়ন মন্ত্রককে জানানো হয়েছে।
এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও শোভাযাত্রায় শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণের বিষয়টি কী ভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে আলোচনা শুরু করেছেন সেনাকর্তারা। যদিও নামপ্রকাশে অনিচ্ছুক এক সেনাকর্তা এনডিটিভি-কে বলেছেন, ‘‘২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ থেকে ব্যান্ড, ট্যাবলো, সবেতেই শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়েছে।’’ যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন:
গত কয়েক বছর ধরেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বহু ‘প্রথম’-এর সাক্ষী থেকেছে রাজপথ (নামবদলের পর যা এখন কর্তব্যপথ হিসাবে পরিচিত)। ২০১৫ সালে প্রথম বার সেনার ৩টি বিভাগেই শুধুমাত্র মহিলারা কুচকাওয়াজ করেছেন। ২০১৯ সালে প্রথম মহিলা আধিকারিক হিসাবে ডেয়ারডেভিল দলের হয়ে বাইকের স্টান্ট দেখিয়েছেন ক্যাপ্টেন শিখা সুরভী। পরের বছর পুরুষে সেনাদের কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। ২০২১ সালে ফ্লাইট লেফ্টেন্যান্ট ভাবনা কান্তই ছিলেন প্রথম মহিলা ফাইটার, যিনি কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এ বার নতুন নজির গড়ার অপেক্ষায় ভারতীয় সেনাবাহিনীর মহিলারা।