যমুনায় নৌকাডুবি। মৃত্যু অন্তত ১০ জনের। সকলেই পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। শুক্রবার উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর ৩টে নাগাদ বৃন্দাবনের কেশি ঘাটের কাছে নৌকাডুবি হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। লুধিয়ানা থেকে ৩০ জনের একটি দল বৃন্দাবনে এসেছিল। যমুনা নদীতে ভ্রমণের জন্য তারা দু’টি নৌকা ভাড়া করে। পুলিশের প্রাথমিক অনুমান, যমুনার উপর পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা লাগায় একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টে যায়। আগরা রেঞ্জের ডিআইজি শৈলেশ পাণ্ডে বলেন, ‘‘যথাযথ তদন্তের পরেই নৌকাডুবির প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’’ দুর্ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। ১৫ জনের মতো পর্যটককে বাঁচানো সম্ভব হলেও ১০ জনের জলে ডুবে মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েক জন।
জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি, ভারতীয় সেনাও উদ্ধারকাজে সহায়তা করে। নিখোঁজদের অনুসন্ধান চলছে বলে জানান শৈলেশ। উদ্ধারকাজে তদারক করছেন মথুরার জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিংহ। তিনি জানান, উদ্ধার করা পর্যটকদের দ্রুত বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। ডুবুরি নামিয়ে যমুনায় অনুসন্ধান চালাচ্ছে প্রশাসন।
আরও পড়ুন:
শুক্রবারের নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন আদিত্যনাথ।