Advertisement
E-Paper

তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৩! ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা

কারখানার ধসে যাওয়া অংশের নীচে বেশ কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে তদারকির জন্য তামিলনাড়ুর দুই মন্ত্রীকেও দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্ট্যালিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:৪৬
রবিবার দুপুরে বিস্ফোরণ হয় তামিলনাড়ুর বাজি কারখানায়।

রবিবার দুপুরে বিস্ফোরণ হয় তামিলনাড়ুর বাজি কারখানায়। ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৩ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে কারখানার একটি অংশ ভেঙে গিয়েছে। কী কারণে বিস্ফোরণটি হয়েছে, প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

রবিবার দুপুরে তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে কাট্টানাপাট্টি এলাকায় একটি বাজি কারখানায় আচমকাই বিস্ফোরণ হয়। জানা যাচ্ছে, বিস্ফোরণের সময়ে কারাখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনাস্থলেই অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলও পৌঁছে যায় ঘটনাস্থলে। বিস্ফোরণস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আধিকারিকেরা জানাচ্ছেন, ওই বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ভেঙে পড়েছে। ধসে যাওয়া ওই চাঁইয়ের নীচে বেশ কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছেন আধিকারিকেরা।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। উদ্ধারকাজে তদারকির জন্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার জন্য তামিলনাড়ুর দুই মন্ত্রীকেও দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্ট্যালিন। বিরুধুনগরের জেলাশাসকের সঙ্গেও কথা বলেছেন তিনি এবং সব ধরনের প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Tamil Nadu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy