Advertisement
E-Paper

হাত স্টিয়ারিংয়ে, চোখ মোবাইলে, ‘বিনোদনে’ বাধা পড়ায় যাত্রীদের মাঝপথে নেমে যেতে বললেন অ্যাপক্যাবচালক!

একটি এক্স পোস্টে দাবি করা হয়েছে রাস্তায় মনোযোগ দিতে বলা সত্ত্বেও অ্যাপক্যাব চালক তা মানতে অস্বীকার করেন। বার বার চালক রাস্তা থেকে চোখ সরিয়ে মোবাইলেই দৃষ্টি নিবদ্ধ করে রাখছিলেন। ফলে সামনে বসা যাত্রী নিরাপত্তার অভাব অনুভব করতে থাকেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৭:০৯

ছবি: সংগৃহীত।

গাড়ি চালাতে চালাতে ধারাবাহিক দেখছিলেন মোবাইলে। যাত্রী আপত্তি তোলায় তাদের গাড়ি থেকে নেমে যেতে বললেন চালক। নয়ডা থেকে দিল্লি যাওয়ার পথে অ্যাপক্যাব চালকের দুর্ব্যবহারের আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যাত্রী নিরাপত্তা নিয়ে আরও এক বার প্রশ্নের মুখোমুখি অ্যাপক্যাব পরিষেবা। ঘটনাটি সমাজমাধ্যমে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়েছে। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পোস্টদাতার দাবি, ৪৫ ডিগ্রি গরমের মধ্যে ব্যস্ত হাইওয়ের মাঝে গাড়ি চলছিল। তিনি ও তাঁর পরিবার নয়ডা থেকে দিল্লি যাওয়ার জন্য অ্যাপক্যাব ভাড়া করেছিলেন। যাত্রী অভিযোগ করেছেন যে গাড়ি চালানোর সময় চালক তাঁর ফোনে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নামের একটি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক দেখছিলেন। রাস্তায় মনোযোগ দিতে বলা সত্ত্বেও চালক তা করতে অস্বীকার করেন বলে জানা গিয়েছে। বার বার চালক রাস্তা থেকে চোখ সরিয়ে মোবাইলেই দৃষ্টি নিবদ্ধ করে রাখছিলেন। ফলে সামনে বসা যাত্রী নিরাপত্তার অভাব অনুভব করতে থাকেন। মনোযোগ সহকারে গাড়ি চালানোর জন্য একাধিক বার অনুরোধ করা হয় চালককে। বিনোদনে বাধা পড়তেই খেপে যান তিনি।

চালকের জবাব ছিল এতে তাঁদের সমস্যা হলে তাঁরা গাড়ি থেকে নেমে যেতে পারেন। পোস্টদাতা লিখেছেন, “৪৫ ডিগ্রি রোদের মধ্যে পরিবারের সঙ্গে হাইওয়ের মাঝখানে আটকা পড়ে আমরা চুপচাপ বসে ছিলাম। নীরব থাকতে বাধ্য হয়েছিলাম। কারণ ওই অবস্থাতে গাড়ি থেকে নেমে গেলে পরিবার নিয়ে আতান্তরে পড়তাম।’’ পোস্টটি এক্স হ্যান্ডলে ‘ড্রিমস_রিয়্যালিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের ক্ষোভ উপচে পড়েছে মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, “রাস্তার দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে মনোযোগ দেওয়া ৪৫° সেলসিয়াস তাপের চেয়েও বেশি বিপজ্জনক। যে কোনও রাইড অ্যাপের যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত, শুধু রেটিং নয়।” দ্বিতীয় জন লিখেছেন, “চালকদের এই সমস্ত গোঁয়ার্তুমির জন্যই দুর্ঘটনা ঘটে।”

App Cab Noida
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy