জমির মালিকানা নিয়ে বিবাদ এবং সন্দেহের বশে সমাজমাধ্যম প্রভাবীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা। নিহত ওই সমাজমাধ্যম প্রভাবীর নাম নিশা চৌহান। তাঁকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে স্বামী প্রদীপ কুমারের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, জমির মালিকানা নিয়ে দম্পতির মধ্যে শুক্রবার অশান্তি চরমে ওঠে। তার পরই নিশাকে খুন করা হয় বলে অভিযোগ। ১৮ বছর আগে বিয়ে হয়েছিল নিশা এবং প্রদীপের। তাঁদের তিন সন্তান রয়েছে। দুবাইয়ে এসি মেকানিকের কাজ করতেন প্রদীপ। এক বছর আগে ফিরে আসেন মেরঠে।
সুরুরপুর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) গৌরব সিংহ বলেন, ‘‘একটি জমি কেনা নিয়ে শুক্রবার সকালে দম্পতির মধ্যে অশান্তি হয়। নিশা চেয়েছিলেন নতুন যে জমি কেনা হচ্ছে, সেটি তাঁর নিজের নামে নথিভুক্ত করানো হোক। কিন্তু স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ ছিল প্রদীপের। তাঁর সন্দেহ ছিল, সম্পত্তি হাতিয়ে অন্য জনের সঙ্গে পালাতে পারেন নিশা। সেই সন্দেহের বশেই নিশার উপর হামলা চালান প্রদীপ।’’
তদন্তে পুলিশ জানতে পেরেছে, জমি নিয়ে দু’জনের বচসা হয়। তার পর প্রদীপ দোতলায় উঠে যান। একটি ছুরি নিয়ে আসেন। অভিযোগ, তার পর আচমকা নিশার ঘাড়ে, গলায় এবং বুকে ছুরি বসিয়ে দেন। এই ঘটনা যখন ঘটছিল, নিশাকে বাঁচাতে আসে তাঁর ব়ড় ছেলে। বাবার সঙ্গে হাতাহাতি হয়। সে-ও ছুরি আঘাতে আহত হয়। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়শিদের ডাকে সে। কিন্তু তত ক্ষণে নিশাকে বেশ কয়েক বার ছুরির কোপ বসিয়ে দিয়েছিলেন প্রদীপ। তার পর নিজের বুকেও ছুরি বসিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে নিশা এবং প্রদীপকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা নিশাকে মৃত বলে ঘোষণা করেন। প্রদীপের চিকিৎসা চলছে। প্রদীপের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।