পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে মাত্র ২ মিনিট দেরি হয়েছিল। তার জন্য বড় মাসুল দিতে হল পরীক্ষার্থীকে। কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পরীক্ষাই দিতে পারলেন না তরুণী। কেঁদেকেটে অস্থির হয়েও লাভ হল না। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সে রাজ্যে ২, ৩ এবং ৪ জুলাই বিভিন্ন শিফটে ইউপিটেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষা শুরুর প্রথম দিনেই, অর্থাৎ বৃহস্পতিবার একটি পরীক্ষাকেন্দ্রে সামান্য দেরিতে পৌঁছোনোয় পরীক্ষা দিতে পারলেন না এক তরুণী। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
এ বছর উত্তরপ্রদেশ শিক্ষা পরিষেবা নির্বাচন কমিশন ইউপিটেট পরীক্ষার আয়োজন করছে। পরীক্ষা দিচ্ছেন প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থী। এরই মধ্যে পরীক্ষা সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের বাইরে হাপুস নয়নে কাঁদছেন। আশপাশের মানুষ তাঁকে দেখলেও কেউ সাহায্য করতে পারছেন না। ওই তরুণীর সঙ্গে থাকা এক যুবক জানান, তরুণী পরীক্ষাকেন্দ্রে মাত্র ১-২ মিনিট দেরিতে পৌঁছেছিলেন। এ কারণেই গেট বন্ধ হয়ে গিয়েছিল এবং তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ঘটনাটি নবযুগ মার্কেটে অবস্থিত এমবি গার্লস কলেজ পরীক্ষাকেন্দ্রের।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রাঞ্জুল শ্রীবাস্তব’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার পরীক্ষার্থীর পরিণতির কথা ভেবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে। অনেকেই সান্ত্বনা দিয়েছেন তরুণীকে। যদিও অনেকে আবার দাবি করেছেন, ভুল পরীক্ষার্থীরই। তাঁর সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোনো উচিত ছিল। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছোনো উচিত। সব কিছুর জন্য নিয়ম রয়েছে। গেট বন্ধের সময় যদি আগে থেকেই নির্ধারিত থাকে, তবে দেরি করে পৌঁছোনোর জন্য পরীক্ষার্থী নিজেই দায়ী।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কোনও পরীক্ষার্থী যদি মাত্র এক বা দু’মিনিট দেরি করে পৌঁছোন, তবে তাঁদের প্রবেশের বিষয়টি বিবেচনা করা উচিত এবং বাকি সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত।’’