সমাজমাধ্যমে কিছু ঘটনার ভিডিয়ো প্রায়ই ভাইরাল হয়। এর মধ্যে কিছু ঘটনা যেমন আনন্দের, তেমনই ভয় ধরায় কিছু ঘটনা। সম্প্রতি সমাজমাধ্যমে তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা হতবাক করেছে নেটপাড়াকে। সেই ভিডিয়োয় অতিরিক্ত উচ্চতার একটি ডিজে গাড়ির উপর বসে থাকা এক যুবককে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যেতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে দ্রুত গতিতে একটি ডিজে গাড়ি এগিয়ে যাচ্ছে। গাড়িটির উপরে একাধিক স্পিকার বসানো। সেই স্পিকারগুলির মাথায় বসে রয়েছেন এক যুবক। কয়েক সেকেন্ড পরেই গাড়িটি রাস্তার পাশে থাকা একটি গাছের পাশ দিয়ে যায়। ডিজে গাড়িটি গাছের নীচ দিয়ে যাওয়ার সময় উপরে বসে থাকা যুবকটি সরাসরি গাছের সঙ্গে ধাক্কা খান। ধাক্কাটি এতটাই আকস্মিক ছিল যে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। অনেক উঁচু থেকে সরাসরি পড়ে যান রাস্তায়। যুবক রাস্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাশ দিয়ে যাওয়া কয়েক জন বাইক আরোহী দ্রুত থেমে তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। অন্য দিকে ডিজে গাড়ির চালক কিছু বুঝতেই পারেননি। গাড়ি নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যান তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও যুবক গাড়ি থেকে পড়ে গিয়ে কতটা আহত হয়েছেন, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হরিদ্বার পুলিশ, উত্তরাখণ্ড’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ ধরনের ঘটনায় কেবল চালকের বিরুদ্ধেই নয়, বরং ডিজে সিস্টেম পরিচালনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গাড়ির উপর এত উঁচু জিনিসপত্র কেউ রাখে?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অনেক উঁচু থেকে পড়েছেন যুবক। চালকের দেখে চালানো উচিত ছিল।’’