পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এসআইআর-এ ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি’ সুপ্রিম কোর্টে মামলা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট মামলাকারীদের কলকাতা হাই কোর্টে আর্জি জানাতে বলল।
সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। তার মধ্যেই বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ‘ক্ষেত মজুর সমিতি’র হয়ে আইনজীবী এস প্রসন্ন এই মামলা দ্রুত শুনানির তালিকাভুক্ত করার আর্জি জানান। কিন্তু বিচারপতিরা তাতে রাজি না হয়ে হাই কোর্টে সুরাহা চাইতে বলেন। মামলাকারীরা সংবিধানের ৩২তম অনুচ্ছেদে মৌলিক অধিকারের প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল, এসআইআর-এ স্থানান্তরিত, গরহাজির, মৃত, ‘ডুপ্লিকেট ভোটার’ বলে চিহ্নিত ভোটারদের সঙ্গে খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের রেশন কার্ডও রাজ্য সরকার বাতিল করতে চাইছে। এর ফলে ৩৫ থেকে ৬০ লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। বিচারপতি নাগরত্ন প্রশ্ন তুলেছেন, কেন হাই কোর্টে মামলা দায়ের হয়নি? আইনজীবী যুক্তি দেন, এটা সর্বভারতীয় সমস্যা। অন্য অনেক রাজ্যও পশ্চিমবঙ্গের পথে হাঁটছে। সুপ্রিম কোর্টই এসআইআর প্রক্রিয়া সাংবিধানিক বলে সিলমোহর দিয়েছে। তাই সুপ্রিম কোর্টই উপযুক্ত মঞ্চ। কিন্তু বিচারপতি নাগরত্ন এই যুক্তিতে সম্মত হননি। গরমের ছুটির পরে কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই খুলে গিয়েছে উল্লেখ করে তিনি মামলাকারীদের হাই কোর্টে যেতে বলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)