তাঁকে গ্রেফতার করে অসম্মান করার কোনও দরকার নেই। আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন কংগ্রেস নেতা পবন খেরা। অন্য দিকে অসম সরকারের অভিযোগ, পবন পালিয়ে বেড়াচ্ছেন। দু’পক্ষের বক্তব্য শুনে পবনের আগাম জামিনের আর্জিতে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিণিকি ভুঁইয়ার প্রসঙ্গে সম্প্রতি কিছু মন্তব্য করেন পবন। ওই মন্তব্যের জেরে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সম্প্রতি গুয়াহাটি হাই কোর্ট তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পবন। শুনানি শেষে বৃহস্পতিবার ওই মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি এএস চান্দুরকরের বেঞ্চ।
আদালতে কংগ্রেস নেতা আর্জি জানান, তিনি যদি এই মামলায় আগাম জামিন না পান, তা হলে আগাম জামিনের নিয়মের মূল উদ্দেশ্যই বিফলে যাবে। পবনের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলি বিচার করে দেখা প্রয়োজন। তাই তাঁকে গ্রেফতার করে হেনস্থা করার কোনও প্রয়োজন নেই বলেই আদালতে সওয়াল করেন মনু সিঙ্ঘভি। তাঁর আরও সওয়াল, পবনের বিরুদ্ধে যে ধারাগুলিতে মামলা রুজু হয়েছে, তার মধ্যে কয়েকটি জামিনযোগ্য ধারা। বাকিগুলিতে তাঁকে এখনই গ্রেফতার করার প্রয়োজন নেই।
আরও পড়ুন:
অন্য দিকে অসম সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি পবনের আগাম জামিনের আর্জির বিরোধিতা করেন। কংগ্রেস নেতা অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রীর পাসপোর্টের নকল এবং বিকৃত প্রতিলিপি দেখিয়েছেন বলে অভিযোগ তোলেন সলিসিটর জেনারেল। হিমন্তের স্ত্রীর একাধিক দেশের নাগরিকত্বের বিষয়ে যে অভিযোগগুলি কংগ্রেস নেতা তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে আদালতে জানান তিনি। পবন পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ তোলেন মেহতা। সব পক্ষের বক্তব্য শোনার পরে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট।
বিতর্কের সূত্রপাত পবনের করা একটি মন্তব্য ঘিরে। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা পবন অভিযোগ তুলেছিলেন, অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রীর তিনটি বিদেশি পাসপোর্ট, দুবাইয়ে সম্পত্তি ও আমেরিকার কোম্পানিতে বিপুল বিনিয়োগ রয়েছে। সেই মন্তব্যের পরই রিণিকি মানহানির মামলা করেন। এর আগে গুয়াহাটি হাই কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন পবন। কিন্তু সেই আর্জি গত ২৪ এপ্রিল খারিজ করে দেয় হাই কোর্ট।