Advertisement
E-Paper

গ্র্যামি পুরস্কার পেলেন দলাই লামা, কোন অ্যালবামের জন্য পুরস্কৃত করা হল নবতিপর বৌদ্ধ ধর্মগুরুকে

পুরস্কারপ্রাপ্তির পরেই এই বিষয়ে মুখ খুলেছেন দলাই লামা। তিনি বলেন, “আমি কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। আমি এটা ব্যক্তিগত (প্রাপ্তি) হিসাবে দেখছি না। এটা আমাদের সবার দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯
দলাই লামা।

দলাই লামা। —ফাইল চিত্র।

গ্র্যামি পুরস্কার পেলেন দলাই লামা! রবিবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নবতিপর বৌদ্ধ ধর্মগুরুকে পুরস্কৃত করা হয়। তাঁর হয়ে পুরস্কারগ্রহণ করেন সঙ্গীতশিল্পী রুফাস ওয়েনরাইট। বিশ্বে সঙ্গীতের জগতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। যে অ্যালবামের জন্য দলাই লামাকে পুরস্কৃত করা হল, তার নাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা’।

সেরা অডিয়ো বুক বিভাগে পুরস্কৃত হয়েছে দলাই লামার এই অ্যালবামটি। এই অ্যালবামটি অবশ্য পুরোদস্তুর গানের অ্যালবাম নয়। এখানে রয়েছে দলাই লামার বার্তা, উপদেশ এবং বাণী। দলাই লামার বাণীর সঙ্গে রয়েছে আবহসঙ্গীত, যাতে সঙ্গত করেছেন প্রখ্যাত সরোদশিল্পী আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি বাঙ্গাশ ও আয়ান আলি বাঙ্গাশ। এই অডিয়ো অ্যালবামে মূলত বিশ্বশান্তি, ধৈর্য, দয়া এবং আশার কথা শুনিয়েছেন দলাই লামা।

পুরস্কারপ্রাপ্তির পরেই এই বিষয়ে মুখ খুলেছেন দলাই লামা। তিনি বলেন, “আমি কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। আমি এটা ব্যক্তিগত (প্রাপ্তি) হিসাবে দেখছি না। এটা আমাদের সবার দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি বিশ্বাস করি বিশ্বের সকল মানুষের ভাল থাকার জন্য শান্তি, ধৈর্য, পরিবেশের প্রতি যত্ন এবং মানবিকতা গুরুত্বপূর্ণ। গ্র্যামি পুরস্কার এই বার্তাগুলিকে আরও বেশি ছড়িয়ে দিতে সাহায্য করবে।”

সঙ্গীতমহলে গ্র্যামি অত্যন্ত কুলীন একটি পুরস্কার। এই পুরস্কারপ্রাপ্তি দলাই লামার বার্তাকে বিশ্বের আরও বেশি শ্রোতার কাছে পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। সেরা অডিয়ো বুক বিভাগে দলাই লামার অ্যালবামটির সঙ্গে আরও অনেকগুলি অ্যালবাম প্রতিযোগিতায় ছিল। কিন্তু সেরার শিরোপা পায় বৌদ্ধ ধর্মগুরুর বার্তা সংবলিত অ্যালবামটিই।

সঙ্গীতের লোক নন, কিন্তু অন্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত— এমন অনেকে এর আগে গ্র্যামি পুরস্কার পেয়েছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দু’টি বক্তৃতা সংকলনের জন্য দু’বার গ্র্যামি পেয়েছেন। ২০০৬ সালে ওবামার ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ অ্যালবামটি গ্র্যামি পায়। ২০০৮ সালে ওবামার আর এক অ্যালবাম ‘অডাসিটি অফ হোপ’ গ্র্যামি পুরস্কারে পুরস্কৃত হয়। তা ছাড়াও ওবামা-পত্মী মিশেল ওবামা, অ্যাপল-এর প্রতিষ্ঠাতা স্টিভ জোবসও গ্র্যামি পেয়েছেন। অ্যাপল নির্মিত আইপডের মাধ্যমে সঙ্গীতের প্রসারের জন্য জোবসকে মরণোত্তর গ্র্যামি দেওয়া হয়েছিল।

Dalai Lama grammy award
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy