কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সোমবার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সোনা ও রুপোর দামের ওঠাপড়া নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি উদ্বেগজনক নয়। সেই সঙ্গে তাঁর মন্তব্য, অভ্যন্তরীণ বাজারে উচ্চ চাহিদা (সোনা এবং রুপোর) আদতে মরসুমি বলেই মনে হচ্ছে।’’
সোমবার ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সঙ্গে বাজেট-পরবর্তী বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্মলা বলেন, ‘‘সোনা-রুপোর দামের হ্রাস-বৃদ্ধি সরকারের কড়া নজরে রয়েছে।’’ তিনি জানান, ভারতীয় বাজারে আসা প্রায় সমস্ত সোনাই আমদানি করা হয়। তিনি বলেন, ‘‘এ ক্ষেত্রে আমরা একটি আমদানি-নির্ভর দেশ। প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে, তবে চাহিদা মেটাতে তা পর্যাপ্ত নয়।’’
সোনার দামের সাম্প্রতিক ওঠা-পড়া প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ব্যাখ্যা, ‘‘আরবিআইও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আজ বেশির ভাগ দেশ, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি, সোনা ও রুপো কিনছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের ক্রয়ের কারণেই মূলত আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম বাড়ছে এবং কমছে।’’ প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশের পর অর্থমন্ত্রী নির্মলা ঘোষণা করেছিলেন, সোনা ও রুপোর আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর ফলে দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে। প্রাথমিক ভাবে এমনটা দেখা গেলেও পরে দাম ফের ঊর্ধ্বগামী হয়।
মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করায় তার প্রভাব ভারতীয় অর্থনীতিতে কতটা পড়তে পারে জানতে চাওয়া হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘বাণিজ্য ও শিল্প মন্ত্রক পরিস্থিতি পর্যালোচনা করছে। এখনই তড়িঘড়ি এ বিষয়ে কোনও মন্তব্য করা উচিত নয়।’’ সোমবারের সাংবাদিক বৈঠকে নির্মলা আর্থিক পণ্যের ভ্রান্ত বিপণনের অভিযোগ তুলে ব্যাঙ্কগুলির সমালোচনা করেন এবং তাদের মূল ব্যবসায় মনোনিবেশ করার পরামর্শ দেন।