Advertisement
E-Paper

প্রেমিকা কেন কথা বলা বন্ধ করেছেন? রাগ মেটাতে বন্দে ভারতে পাথর ছুড়ে গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, বছর তেইশের এই যুবকের সঙ্গে তাঁর প্রেমিকার মনোমালিন্য চলছিল। জানা গিয়েছে, সানির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:৩১
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রেমিকা তাঁর ফোন ধরা বন্ধ করে দিয়েছেন। এমনকি তাঁর সঙ্গে কথা বলতেও অস্বীকার করেন। প্রেমিকার এই আচরণে হতাশ এবং একই সঙ্গে ক্ষুব্ধ হন যুবক। সেই রাগ মেটাতে তিনি বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়েন। আর এই অভিযোগেই গ্রেফতার করা হয় মহারাষ্ট্রের কল্যাণের যুবককে। ধৃতের নাম সানি কাম্বলে।

পুলিশ সূত্রে খবর, বছর তেইশের এই যুবকের সঙ্গে তাঁর প্রেমিকার মনোমালিন্য চলছিল। জানা গিয়েছে, সানির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিকা। অনেক চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি সানি। তার পরই তিনি সোজা চলে আসেন রেললাইনের ধারে। সেখানে কিছু ক্ষণ সময় কাটান। সেই সময় ওই লাইন ধরে ছুটে আসছিল সিএমটি-শিরডি বন্দে ভারত এক্সপ্রেস। অভিযোগ, ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়েন সানি।

রেল সূত্রে খবর, এই ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেসের চারটি কামরার জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পুলিশ জানিয়েছে, ঠাকুরলি এবং কল্যাণের মাঝে এই ঘটনাটি ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে আসে রেলপুলিশ। কিন্তু তত ক্ষণে অভিযুক্ত যুবক পালিয়ে যান। রেল জানিয়েছে, এ ঘটনায় কোনও যাত্রী আহত হননি। শনিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কল্যাণের রেলসুরক্ষা বাহিনী। তদন্তকারী এক আধিকারিকের দাবি, পাথর ছোড়ার ঘটনাটি স্বীকার করেছেন অভিযুক্ত। তবে পুলিশের কাছে অভিযুক্ত যুবক দাবি করেছেন, নেশার ঘোরে তিনি এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন।

বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা নতুন নয়। দেশের বিভিন্ন প্রান্তে বার বার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়ে মারার অভিযোগ ওঠে। গ্রেফতারও হন অনেকে। পাথর ছোড়ার ঘটনা ঘন ঘন হতে থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেয় রেল। তার পরেও বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা খুব একটা আটকানো যায়নি।

Maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy