Advertisement
E-Paper

উপচে পড়া ভিড় সব জনকল্যাণ শিবিরে, চলবে বৃহস্পতিবারও! ফলতার শিবিরে গিয়ে মেয়াদ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

শুভেন্দু জানান, সময়ের অভাবে অঞ্চলে অঞ্চলে করা যায়নি শিবির। তাই বিশাল লাইন পড়ছে শিবিরগুলিতে। সমস্ত প্রকল্প যাতে রাজ্যবাসী কোনও রকম দুর্নীতি ছাড়াই পেতে পারেন তা সুনিশ্চিত করছে এই সরকার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১২:৫৪
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

আরও এক দিন বাড়ানো হল জনকল্যাণ শিবিরের সময়। বুধবারই ছিল এই শিবিরের শেষ দিন। কিন্তু রাজ্যের জনকল্যাণ শিবিরগুলিতে এত বেশি ভিড় হচ্ছে, তাই এই শিবিরের সময় আরও এক দিন বাড়ানো হচ্ছে বলে ফলতা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ বৃহস্পতিবারেও রাজ্য জুড়ে এই শিবির চলবে। তিনি বলেন, ‘‘এই শিবির থেকে কেন্দ্র এবং রাজ্যের সমস্ত রকম সুবিধা মিলবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিজ্ঞপ্তি জারির তৎপরতা শুরু হল নবান্নে। প্রসঙ্গত, ১৫-১৭ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরগুলিতে ভিড় উপচে পড়ায় তাই আরও এক দিন মেয়াদ বৃদ্ধি করা হল বলে জানালেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানান, সময়ের অভাবে অঞ্চলে অঞ্চলে করা যায়নি শিবির। তাই বিশাল লাইন পড়ছে শিবিরগুলিতে। রাজ্যবাসী এই সরকারের উপর আস্থা, ভরসা রেখেছেন। এই সরকার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত কল্যাণকর কর্মসূচি ও প্রকল্পের সুবিধা যাতে মানুষ পেতে পারেন, তার জন্য ব্যবস্থা করছে। তাঁর কথায়, ‘‘সমস্ত প্রকল্প যাতে রাজ্যবাসী কোনও রকম দুর্নীতি ছাড়াই পেতে পারেন তা সুনিশ্চিত করছে এই সরকার।’’ এর পরই শুভেন্দু জানান, এত বেশি লাইন পড়ছে শিবিরগুলিতে, তাই আরও এক দিন মেয়াদ বৃদ্ধি করা হল। তিনি আরও জানিয়েছেন, ৫৪টি প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আয়ুষ্মান ভারত। দেশের যে কোনও জায়গায় সরকারি, বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন রাজ্যবাসী। তাঁর কথায়, ‘‘এই রাজ্যে ১ কোটি ৪৩ লক্ষ পরিবার, সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।’’ গ্রামে যাঁরা স্বল্প রোজগার করেন তাঁরা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের সুবিধা নিতে পারবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১০০ ইউনিটের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ ইউনিটের জন্য ৭৮ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে জনকল্যাণ শিবিরে নাম নথিভুক্ত করতে হবে।

তৃতীয় যে প্রকল্পটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল অন্নপূর্ণা যোজনা। কেন ফর্ম ছাপিয়ে, তথ্য যাচাই করে উপযুক্ত প্রাপকদের চিহ্নিত করা হচ্ছে, তার ব্যখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে প্রায় সাড়ে চার হাজার পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়েছেন। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে ১৭৩ জন পুরুষ এই টাকা তুলেছেন। পুলিশ, সিআইডি তদন্ত করছে। মা-বোনেদের হকের টাকা লুট করেছে।’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩ জুন ২৮ লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকেছে। এখনও পর্যন্ত ১ কোটি ৫ লক্ষ মা-বোন নাম নথিভুক্ত করেছেন। তাঁদের তথ্য যাচাই করে পোর্টালে আপলোড করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর বলেন, ‘‘আগামী ২২ জুন রাজ্য বাজেট রয়েছে। সেখানে যুবকদের জন্য, সরকারী কর্মীদের জন্য, শিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য আরও অনেক কর্মসূচি দেখতে পাবেন। কৃষকদের জন্য আমরা নানা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন।’’ ফলতাকে আদর্শ বিধানসভা হিসাবে গড়ে তোলা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এখানে এসইজ়েডে শিল্পতালুক গড়ার প্রকল্প নেওয়া হয়েছে।’’ ফলতা গ্রামীণ হাসপাতালকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে বলেও জানালেন শুভেন্দু।

ফলতায় মহিলা কলেজ, দমকল কেন্দ্রের অনুমোদন দেওয়া হচ্ছে জানান শুভেন্দু। ফলতা থানাকে শক্তিশালী করা এবং মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করে আরও মহিলা অফিসার নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Suvendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy