Advertisement
E-Paper

তামিলনাড়ুতে সরকার গঠনের আর্জি বিজয়ের! তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ‘সন্তুষ্ট’ নন রাজ্যপাল, জট অব্যাহত

বুধবার তামিলনাড়ুর কংগ্রেস নেতারা চেন্নাইয়ে টিভিকের সদর দফতরে গিয়ে বিজয়ের সঙ্গে দেখা করেন। সরকার গঠনের জন্য টিভিকে-কে পূর্ণ সমর্থনের বার্তা দেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৮:০৪
Vijay stakes claim to form Tamil Nadu government

জয়ী বিধায়কদের নিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করলেন টিভিকে-র বিজয়। ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুতে সরকার গড়তে চায় তাঁর দল তামিলাগা ভেট্টি কাজ়গম (টিভিকে)। বুধবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে এমনই আর্জি জানালেন থলপতি বিজয়। তবে আদৌ তিনি সরকার গঠন করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ তাঁর কাছে নেই। যদিও কংগ্রেস প্রকাশ্যেই বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে। তবে তার পরেও সরকার গড়তে গেলে যে আসন সংখ্যার প্রয়োজন, তার থেকে কয়েকটা কম রয়েছে। সূত্রের খবর, টিভিকে-র কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে কি না, তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন রাজ্যপাল রাজেন্দ্র।

বুধবার তামিলনাড়ুর কংগ্রেস নেতারা চেন্নাইয়ে টিভিকে-র সদর দফতরে গিয়ে বিজয়ের সঙ্গে দেখা করেন। সরকার গঠনের জন্য টিভিকে-কে পূর্ণ সমর্থনের বার্তা দেন তাঁরা। তবে কংগ্রেসের সমর্থন পেলেও তামিলভূমে সরকার গড়তে বিজয়ের দলের আরও পাঁচ বিধায়কের সমর্থন প্রয়োজন। রাজ্যপাল সরকার গঠনে আহ্বান জানালে, কিছু দিনের মধ্যেই বিধানসভায় টিভিকে-কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

তামিলনাড়ুতে একক দল হিসাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিজয়ের টিভিকে। জিতেছে ১০৮টি আসন। তবে সরকার গঠনের জন্য তা পর্যাপ্ত নয়। সে রাজ্যে সরকার গড়তে ১১৮ আসন চাই। এ অবস্থায় কংগ্রেসে বিধায়কদের সমর্থনও বিজয়ের জন্য যথেষ্ট নয়। কংগ্রেসের সমর্থন পেয়ে বিজয়ের পক্ষে থাকছেন ১১৩ বিধায়ক। কিন্তু সরকার গঠনের জন্য চাই আরও পাঁচ বিধায়কের সমর্থন। এ অবস্থায় জোটসঙ্গীর খোঁজে সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র মতো দলগুলির সঙ্গে যোগাযোগ করছেন বিজয়। এই দলগুলির সমর্থন পেয়ে গেলে টিভিকে সরকার গঠনের জন্য মোট ১১৯ বিধায়কের সমর্থন পেয়ে যাবে।

বিজয়ের সঙ্গে কংগ্রেস হাত মেলানোয় ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে ডিএমকে শিবির। কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ শানিয়েছেন ডিএমকে-র মুখপাত্র সারাভানন আন্নাদুরাই। তবে কংগ্রেসের তরফে জানানো হয়েছে বিজয়ের দলের সঙ্গে এই জোট শুধুই আঞ্চলিক স্তরে। জাতীয় ক্ষেত্রে জোট ‘ইন্ডিয়া’-র অংশ ডিএমকে এবং কংগ্রেস।

Tamil Nadu Vijay Thalapathy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy