Advertisement
E-Paper

মঙ্গলবার মন্ত্রিসভার ‘শেষ’ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী নীতীশ, তার পরেই কি ইস্তফা? উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা

মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নীতীশ। অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রী হিসাবে মঙ্গলবারই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শেষ বারের মতো বৈঠক করবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৬
নীতীশ কুমার।

নীতীশ কুমার। —ফাইল চিত্র।

বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি মঙ্গলবারই ছেড়ে দিতে পারেন নীতীশ কুমার। মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রী হিসাবে মঙ্গলবারই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শেষ বারের মতো বৈঠক করবেন নীতীশ। তার পর তিনি রাজভবনে গিয়ে বিহারের রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিতে পারেন।

নীতীশ ইস্তফা দেওয়ার পর তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এনডিএ সূত্রে আগেই জানা গিয়েছে যে, বিহারের শাসকজোটের বৃহত্তম শরিক বিজেপির তরফেই কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। পদ্মশিবিরের একাধিক বিধায়কের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন বিহারের হাজিপুর কেন্দ্রের চার বারের বিধায়ক নিত্যানন্দ রাইও। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে নাম শোনা যাচ্ছে দিলীপকুমার জয়সওয়ালেরও। দিলীপ বিহারের রাজ্য আইনসভার উচ্চ কক্ষ বিধানসভায় তিন বার নির্বাচিত হয়েছেন। অবশ্য বিজেপি রাজস্থান, মধ্যপ্রদেশ কিংবা ওড়িশার মতো তুলনায় নতুন কোনও মুখের উপরেও ভরসা রাখতে পারে। উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার।

Advertisement

নীতীশ রাজনৈতিক জীবনের শুরু করেছিলেন বিহার বিধানসভার বিধায়ক হিসাবে। তার পরে লোকসভার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রিত্ব। পরবর্তী ধাপে দীর্ঘ দু’দশক ধরে বিহার বিধানসভায় থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন শেষে শুক্রবার রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিয়েছেন নীতীশ। গত ৫ মার্চ নিজেই প্রথমে সমাজমাধ্যমে তাঁর আগামী রাজনৈতিক জীবনের পরিকল্পনার কথা ঘোষণা করেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী।

Bihar Politics Bihar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy