Advertisement
E-Paper

অগপর সঙ্গে গোপন বৈঠক হিমন্তের

এক দিকে রাজ্যে এসেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অন্য দিকে, হাইকম্যান্ডের তলব পেয়ে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত। কিন্তু সবের মধ্যেও আলোচনার কেন্দ্রে থাকলেন হিমন্ত বিশ্ব শর্মা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ০৩:২১
অসমীয়া গামোছা দিয়ে বিজেপি সভাপতি অমিত শাহকে স্বাগত জানাচ্ছেন সাংসদ ও বিজেপি নেত্রী বিজয়া চক্রবর্তী। মঙ্গলবার গুয়াহাটিতে পিটিআইয়ের ছবি।

অসমীয়া গামোছা দিয়ে বিজেপি সভাপতি অমিত শাহকে স্বাগত জানাচ্ছেন সাংসদ ও বিজেপি নেত্রী বিজয়া চক্রবর্তী। মঙ্গলবার গুয়াহাটিতে পিটিআইয়ের ছবি।

এক দিকে রাজ্যে এসেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অন্য দিকে, হাইকম্যান্ডের তলব পেয়ে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত। কিন্তু সবের মধ্যেও আলোচনার কেন্দ্রে থাকলেন হিমন্ত বিশ্ব শর্মা।

গত রাতে অগপ নেতাদের সঙ্গে বৈঠক, আজ সকালে ফের বিদ্রোহী কংগ্রেসের নেতা ও বিধায়কদের সঙ্গে গোপন আলোচনা— হিমন্তের এই দুই পদক্ষেপে রাজ্যে তৃতীয় মোর্চা গঠনের জল্পনা চরমে উঠল।

হিমন্ত বিজেপিতে যোগ দিচ্ছেন বলে ওই দলের নেতারা দীর্ঘদিন ধরে দাবি করছেন। তবে প্রদেশ বিজেপি সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ বিষয়ে কখনও মুখ খোলেননি। এই পরিস্থিতিতেই গত রাতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের উদ্যোগে গগৈ বিরোধী শিবিরের ‘সেনাপতি’ হিমন্ত ও তাঁর অনুগামী বিধায়ক পীযূষ হাজরিকা হাতিগড়ের একটি বাড়িতে অগপর কার্যনির্বাহী সভাপতি অতুল বরা, বিধায়ক কেশব মহন্ত, ফণীভূষণ চৌধুরী, রমেন্দ্রনারায়ণ কলিতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে হিমন্ত দাবি করেন, অগপ নেতাদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়। নিয়মিত তাঁদের কথা হয়। এ নিয়ে জটিলতা বাড়িয়ে লাভ নেই। কিন্তু অগপ সূত্রে জানানো হয়, রাজ্যে কংগ্রেস বিরোধী তৃতীয় মোর্চা গঠনের সম্ভাবনা নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়েছে।

এ দিন সকালে দিসপুরে হিমন্তর বাড়িতে বৈঠকে বসেন বিধায়ক পীযূষ হাজরিকা, জয়ন্তমল্ল বরুয়া, প্রদান বরুয়া, আবু তাহের ব্যাপারী, সিদ্দেক আহমেদরা। সদ্য গগৈয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে শো-কজ নোটিস পাওয়া প্রাক্তন সাংসদ বলিন কুলি, রানা খান ও কংগ্রেস থেকে পদত্যাগ করা প্রবীণ নেতা হিরণ্য বরাও সেখানে হাজির ছিলেন। বৈঠক নিয়ে মুখ খোলেননি হিমন্ত গোষ্ঠী। তবে তৃতীয় মোর্চা গঠন বা হিমন্তর নেতৃত্বে গগৈ বিরোধী গোষ্ঠীর অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে রানা খান বলেন, ‘‘সব রকমের বিকল্পের পথই খোলা রয়েছে।’’

প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত অবশ্য দাবি করেন, কংগ্রেসের কোনও নেতা অন্য দলে যাচ্ছেন না। দিল্লিতে গগৈ বলেন, ‘‘বিজেপি বা অমিত শাহদের নিয়ে চিন্তার কারণ নেই। তৃতীয় মোর্চা গঠন বা হিমন্তের অন্য দলে যাওয়া নিয়ে সংবাদমাধ্যম অনেক দিন ধরে মাতামাতি করছে। দলের আর্দশে বিশ্বাসীরা কখনওই কংগ্রেস ছাড়বেন না।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy