ছোট ছেলের ‘কাজে’ ফের বিতর্কে জিতনরাম মাঁঝি।
আজ বিহারের জহানাবাদে জিতনরামের ছেলে প্রবীণের গাড়িতে হিসেব বহির্ভূত কয়েক লক্ষ টাকার খোঁজ মেলে। তাঁকে আটক করে পুলিশ। মগধ রেঞ্জের ডিআইজি রতন সঞ্জয় জানান, গয়া থেকে পটনা ফিরছিলেন প্রবীণ। জহানাবাদে উমতা গ্রামের কাছে চেক-পোস্টে রুটিন তল্লাশির জন্য তাঁর গাড়ি থামায় পুলিশ। প্রবীণের কাছে ৪ লক্ষ ৬৫ হাজার টাকা মেলে। বিধানসভা ভোটের আগে বিহারে জারি হয়েছে নির্বাচনি আচরণ-বিধি। সেই নিয়মে নির্দিষ্ট সীমার বাইরে নগদে বেশি পরিমাণ টাকা কারও কাছে থাকলে, তার উপযুক্ত কারণ পুলিশ-প্রশাসনকে জানাতে হয়। তদন্তকারীদের বক্তব্য, প্রবীণের জবাবে সন্তুষ্ট না হয়ে তাঁকে আটক করে মখদুমপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, থানা থেকেই তাঁকে জামিনে মুক্তি দেওয়া হবে। কিন্তু টাকার হিসেব না দেখাতে পারলে তা বাজেয়াপ্ত করবে পুলিশ।
এই ঘটনা নিয়ে শাসক জেডিইউয়ের বিরুদ্ধে তোপ দেগেছে জিতনরাম মাঁঝির নতুন দল ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’ নেতৃত্ব। দলের মুখপাত্র দাবি করেছেন, বাড়ি তৈরির জন্য গয়ায় এক নিকটাত্মীয়ের কাছ থেকে প্রবীণ ওই টাকা নিয়ে ফিরছিলেন।