বিহার ভোটের প্রচারের সময়ে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে রাহুল গাঁধী, অমিত শাহ এবং লালুপ্রসাদকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। বিজেপিকে ভোট না দিলে পাকিস্তানে আতসবাজি ফাটবে বলে মন্তব্য করেছিলেন অমিত শাহ। আবার বিজেপি হিন্দু-মুসলিমের মধ্যে বিরোধ বাধায় বলে দাবি করেন রাহুল গাঁধী। ফলে, তাঁদের নোটিস পাঠিয়েছে কমিশন। আজ বিহার বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ অবশ্য শান্তিতেই মিটেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, আজ সন্ধে ৭টা পর্যন্ত ৫৮ শতাংশ ভোট পড়েছে। মুজফ্ফরপুর শহরে সন্ধেতেও বুথে লাইন দেখা যায়। এ দিন রাজ্যের ৭টি জেলার ৫৫টি বিধানসভা কেন্দ্র এলাকায় ভোটগ্রহণ করা হয়। সীতামঢ়ী, শিউহরের মতো কয়েকটি জায়গায় ছোটখাটো ঝামেলার খবর মিলেছে। তবে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।