ডিমা হাসাওয়ে পর্যটন শিল্পের বিকাশে তৎপর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ও জেলা পর্যটন বিভাগ। বিশ্ব পর্যটন দিবসে জেলা পর্যটন বিভাগের এক অনুষ্ঠানে আজ এমনই মন্তব্য করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবজিৎ থাওসেন।
তিনি বলেন, ‘‘এক সময় ডিমা হাসাও জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল না। কিন্তু এখন সেই ছবিটা বদলেছে। উন্নয়নেও গতি এসেছে।’’ তিনি জানান, ডিমা হাসাওয়ে পর্যটন শিল্পের অনেক রসদ রয়েছে। তাকে বাস্তব রূপ দিতে চাইছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। দেবজিৎ বলেন, ‘‘ডিমা হাসাওয়ে ইস্ট-ওয়েস্ট করিডরের নির্মাণকাজ ও ব্রডগেজ লাইনে যাত্রিবাহী ট্রেন চালু হয়ে গেলে পার্বত্য জেলায় পর্যটনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।’’
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হাফলং হ্রদের কাছে বোট হাউসের সামনে জেলা পর্যটন বিভাগ এক অনুষ্ঠানের আয়োজন করে। তাতে সামিল হয় স্কুলপড়ুয়ারা। মিছিল, মোটরসাইকেল র্যালি, ওয়াল-পেন্টিং, জনগোষ্ঠীয় খাবারের উৎসব , শিশুদের ক্যুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্বত্য জেলার বিভিন্ন জনগোষ্ঠীর পরম্পরাগত পোশাক ও লোক সংস্কৃতির প্রদর্শনী হয় সেখানে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম পর্যটন বিভাগের তথ্য সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানটির জন্য সাহায্য করে সেনাবাহিনীর ২২ সেক্টর-সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও।