‘বন্ধু’ থেকে হয়ে উঠেছেন ‘বোঝা’! মুখ খুলতেই হল অরবিন্দ কেজরীবালকে।
সোমনাথ ভারতীর পাশে আর থাকতে পারলেন না কেজরীবাল।
আজ সাতসকালেই টুইট করে কেজরীবাল বলেছেন, ‘ও (সোমনাথ) এখন দল (আম আদমি পার্টি) আর ওর পরিবার, এই দুইয়ের কাছেই অস্বস্তিকর হয়ে উঠেছে। ও জেলে যেতে এত ভয় পাচ্ছে কেন? আদালতে আত্মসমর্পণ করুক। হাজির হোক।’
এক মিনিট পরেই ফের টুইট কেজরীবালের- ‘ও পুলিশের সঙ্গে সহযোগিতা করুক।’
স্ত্রীর দায়ের করা পারিবারিক হিংসার মামলায় সোমনাথের আগাম জামিনের আর্জি দিল্লি হাইকোর্ট কাল খারিজ করে দেওয়ায় পুলিশ সোমনাথকে খুঁজছে। কিন্তু, দিল্লির প্রাক্তন আইনমন্ত্রী ‘গা ঢাকা’ দিয়েছেন।
এক বছর আগে ছবিটা কিন্তু ছিল একেবারেই উল্টো। যখন দিল্লিতে থাকা এক আফ্রিকান মহিলার বাড়িতে দলবল নিয়ে গভীর রাতে হামলা চালিয়েছিলেন সোমনাথ। সমালোচনার ঝড় উঠেছিল সেই সময়। সোমনাথের অভিযোগ ছিল, ওই আফ্রিকান মহিলা একটি ড্রাগ-পাচার চক্রের সঙ্গে জড়িত। পরে তা প্রমাণিত হোক বা না-হোক, কেজরীবাল আর তাঁর ‘আম আদমি পার্টি’ সেই সময় সোমনাথকে পুরোপুরি সমর্থন করেছিল।
এ বার ছবিটা অন্য রকম। আগেই মন্ত্রিত্ব খুইয়েছেন সোমনাথ।
আদালতও কাল বলেছে, ‘সোমনাথ ভারতীর বিরুদ্ধে যে শুধুই বাড়িতে হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, তা নয়, তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে রাস্তাঘাটে দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে। যা যথেষ্টই গুরুতর।’
ওই যুক্তিতেই কাল সোমনাথের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।