দিন কয়েক আগে ট্রেনের উপরের বার্থে বসে বালকের মলত্যাগের ঘটনা হইচই ফেলে দিয়েছিল সমাজমাধ্যমে। ঠিক তেমনই একটি ঘটনা আবার ঘটল রেলের কামরায়। সহযাত্রীদের অসুবিধে যিনি ঘটিয়েছেন তিনি নাবালক নন, বরং এক তরুণ। মদ্যপ অবস্থায় ট্রেনে উঠে বমি করে ভাসালেন কামরা। সহযাত্রী প্রৌঢ়া প্রতিবাদ করায় উল্টে হুমকি দিলেন অভিযুক্ত তরুণ। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। কোন ট্রেনে বা কবে ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়োয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মদ্যপ তরুণ এসি কামরায় উঠে সহযাত্রীর আসনে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। তাঁর মাথা সরিয়ে দেন এক প্রৌঢ় যাত্রী। ইতিমধ্যেই তরুণ কামরার মেঝে বমি করে ভাসিয়ে দিয়েছিলেন। প্রৌঢ় যাত্রী তাঁকে নিজের আসনে ফিরে যেতে বলেন। তরুণ নিজের আসনে বসে পড়লেও মাঝের বার্থে বসা এক প্রৌঢ়ার সঙ্গে তর্ক জুড়ে দেন। প্রৌঢ়া তাঁকে কামরার মেঝে পরিষ্কার করার নির্দেশ দেন ও পুলিশ ডাকার হুমকি দেন। পুলিশ ডাকার কথা শুনেই তেড়েফুঁড়ে ওঠেন তরুণ। তিনি হুমকি দিয়ে জানান, প্রৌঢ়ার গায়েই বমি করে দেবেন। এই কথায় আরও চটে যান প্রৌঢ়া। তরুণকে চড় মারার পাল্টা হুমকি দেন। অন্য এক যাত্রী আপার বার্থ থেকে দু’পক্ষের বাগ্বিতণ্ডার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন।
‘অঞ্জেশ_ রাজপুত ০৩’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। তিন লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রায় আড়াই হাজার লাইক জমা পড়েছে পোস্টে। ভিডিয়োয় প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে বিস্ময় প্রকাশ করলেও অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেছেন, ‘‘মহিলা তো ঠিক মায়ের মতোই বকা দিচ্ছেন!’’