অনলাইন মিটিং চলাকালীন ক্যামেরা ও মাইক্রোফোন চালু থাকা অবস্থাতেই ম্যানেজারের সমালোচনা করে ফেললেন কর্মী। যাঁর বিরুদ্ধে সমালোচনা করার হচ্ছিল সেই ম্যানেজারও উপস্থিত ছিলেন সেই অনলাইন মিটিংয়ে। সেই ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির তুফান উঠেছে। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি সংস্থার অনলাইন মিটিং চলছিল। এমন সময় এক কর্মীর পরিবারের সদস্য এসে জানতে চান তিনি কেন আবার ল্যাপটপ খুলেছেন। স্পষ্টতই হতাশ হয়ে কর্মীকে বলতে শোনা যায় সকাল ৭টায় মিটিং নির্ধারিত ছিল। ক্যামেরা ও মাইক্রোফোন চালু থাকা অবস্থাতেই তিনি ম্যানেজারের সমালোচনা করেন।ম্যানেজারকে কে দায়িত্বে বসিয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন। সহকর্মীরা যে তাঁকে শুনতে ও দেখতে পাচ্ছেন, সে বিষয়ে অজ্ঞাত থেকেই খোলামেলা ভাবে ক্ষোভ প্রকাশ করতে থাকেন কর্মী। কয়েক সেকেন্ড পরেই, তাঁর এক সহকর্মী তাঁকে জানান যে তাঁর ক্যামেরা ও মাইক্রোফোন দুটোই চালু আছে। নিজের ভুল বুঝতে পেরে তরুণ তাড়াহুড়ো করে ক্ষমা চেয়ে নেন।
এক্স-এ ‘নিউজ় অ্যালজেব্রা’ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়ার পর ক্লিপটি দ্রুত নেটাগরিকদের নজর কেড়ে নিয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রায় ছ’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। যাঁরা বাড়ি থেকে কাজের ধাঁচে ভার্চুয়াল মিটিংয়ের কাজ করে অভ্যস্ত সেই সব কর্মীরা তাঁদের এই ধরনের মজার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন মন্তব্য বিভাগে।