Advertisement
E-Paper

গোল করলেন, করালেন! মেসির দাপটে জয়ে ফিরল মায়ামি, বিশ্বকাপের আগে ছন্দে লিয়ো

লিয়োনেল মেসি ছন্দে ফিরতেই জয়ে ফিরল ইন্টার মায়ামি। একটি গোল করলেন মেসি। জোড়া গোল করালেন আর্জেন্টিনার ফুটবলার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ২১:০২
football

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

আগের ম্যাচে অরল্যান্ডোর বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে গিয়েও ৩-৪ গোলে হারতে হয়েছিল ইন্টার মায়ামিকে। সেই ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল মায়ামি। ছন্দে ফিরলেন লিয়োনেল মেসি। একটি গোল করলেন। জোড়া গোল করালেন। ৪-২ গোলে টরন্টো এফসিকে হারাল আমেরিকার ক্লাব।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে গোল করে মায়ামিকে এগিয়ে দেন জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি’পল। বিরতির পর ৫৬ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় মায়ামি। মেসির পাস ধরে গোল করেন লুই সুয়ারেস। ৭৩ মিনিটে দলের তৃতীয় গোলও মেসির পা থেকে। তাঁর পাস ধরে গোল করেন সের্জিয়ো রেগুইলন।

৭৫ মিনিটের মাথায় নিজেই গোল করেন মেসি। ডি’পলের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢোকেন তিনি। ডি’পলের পাস থেকে গোল করতে ভুল করেননি লিয়ো। ৮২ ও ৯০ মিনিটে টরন্টো জোড়া গোল করলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি মায়ামির।

এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে মায়ামির পয়েন্ট ১২ ম্যাচে ২২। তিন নম্বরে রয়েছে তারা। শীর্ষে থাকা নাশভিলের পয়েন্ট ১১ ম্যাচে ২৪। দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড। তাদের পয়েন্ট ২২। মায়ামির থেকে এক ম্যাচ কম খেলেছে তারা।

পরের মাসেই আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপ। এখনও দল ঘোষণা করেনি গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে মেসি যা ছন্দে রয়েছেন তাতে তাঁর নেতৃত্বে আরও এক বার আর্জেন্টিনার বিশ্বকাপে নামার সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

Lionel Messi Inter Miami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy