Advertisement
E-Paper

ফুটবল বিশ্বকাপে খেলতে রাজি ইরান! তবে আমেরিকা-সহ আয়োজকদের ১০ শর্ত এশিয়ার দেশের

ইরানের ফুটবল বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সামান্য ধোঁয়াশা রয়েছে। খেলতে রাজি হলেও আয়োজক দেশ আমেরিকা, মেক্সিকো ও কানাডাকে ১০টি শর্ত দিয়েছে ইরান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৭:৫৩
football

ফুটবল বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

শেষ পর্যন্ত কি ফুটবল বিশ্বকাপে ইরান খেলবে? এখনও সামান্য ধোঁয়াশা রয়েছে। আমেরিকার সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর থেকে ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, এ বারের বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা, মেক্সিকো ও কানাডা। শুরু হবে ১১ জুন থেকে। ইরান জানিয়েছে, তারা খেলতে তৈরি। তবে তার জন্য আয়োজক দেশগুলিকে ১০টি শর্ত মানতে হবে।

কয়েক দিন আগে ইরান ফুটবল সংস্থার প্রধান মেহদি তাজকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। ইরানের সশস্ত্র সংগঠন ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কপস’-এর সঙ্গে তাদের সম্পর্কের কারণে এই সিদ্ধান্ত। এই গোষ্ঠীকে ২০২৪ সালে জঙ্গি গোষ্ঠী হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এই ঘটনার পরেই বিবৃতি দিয়েছে ইরান।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মেহদি বলেন, “২০২৬ সালের বিশ্বকাপে আমরা অবশ্যই খেলব। তবে তার আগে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে সকলকে উদ্বেগ প্রকাশ করতে হবে। আমাদের দেশের সংস্কৃতি, আস্থা থেকে আমরা সরব না। সেগুলো মেনে তবেই বিশ্বকাপে নামব।”

বিশ্বকাপে গ্রুপ জি-তে বেলজিয়াম, নিউ জ়িল্যান্ড ও মিশরের সঙ্গে রয়েছে ইরান। তাদের গ্রুপ পর্বের সব খেলা হবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। অর্থাৎ, আমেরিকার মাটিতেই হবে তাদের গ্রুপ পর্বের খেলা।

মেহদি জানিয়েছেন, বিশ্বকাপে খেলার জন্য ১০টি শর্ত দিয়েছেন তাঁরা। সেই শর্তগুলির মধ্যে অন্যতম, বিশ্বকাপ চলাকালীন ইরানের জাতীয় দল যাতে কোনও রকম সমস্যার মধ্যে না পড়ে। তা ছাড়া ভিসা সংক্রান্ত বিষয়, দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সুরক্ষা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের সম্মান, বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে পর্যাপ্ত সুরক্ষা— এই বিষয়গুলি রয়েছে ইরানের দাবির মধ্যে।

যদিও আমেরিকার সেক্রেটারি মার্কো রুবিয়ো জানিয়েছেন, ইরানের ফুটবলারদের তাঁরা স্বাগত জানাবেন। কিন্তু ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কপস’-এর সঙ্গে যুক্ত থাকা কোনও কর্তাকে আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না।

fifa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy