ঘোষণা আগেই করা হয়েছিল। শনিবার আনুষ্ঠানিক ভাবে মহমেডানের নতুন সভাপতি পদে বেছে নেওয়া হল নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে। এ দিন আমিরুদ্দিন ববি সভাপতির পদ থেকে ইস্তফা দেন। তার পরেই নতুন সভাপতি হিসাবে বরণ করে নেওয়া হয় হুমায়ুনকে। দায়িত্ব নিয়ে হুমায়ুন জানিয়েছেন, তিনি ক্লাবকে আর্থিক দায়ভারমুক্ত করার চেষ্টা করবেন।
ময়দানের বিভিন্ন ক্লাবে সাধারণ শাসকদলের প্রভাবই দেখা যায়। কিন্তু মহমেডান সভাপতি হিসাবে বেছে নিয়েছে এমন একজনকে, যিনি দলের একমাত্র বিধায়ক। ববি এ দিন জানান, আগের দুই স্পনসর বাঙ্কারহিল এবং শ্রাচী গ্রুপের কারণেই মহমেডান এই দেনার মধ্যে রয়েছে। তিনি জানান, গত কমিটির অধীনে ক্লাব আই লিগ জিতেছে, দু’বার আইএসএল খেলেছে, ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে।
আরও পড়ুন:
কিছু দিন ধরেই ক্লাবের সমর্থকেরা ববির পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছিলেন। ববি অবশ্য যাবতীয় দোষ চাপিয়েছেন প্রাক্তন বিনিয়োগকারীদের দিতেই। তাঁর বার্তা, “ক্লাব শেষ হয়নি।” দায়িত্ব নিয়ে হুমায়ুন বলেন, “অর্থের সংস্থান করার চেষ্টা করা হচ্ছে। আমাদের হাতে আলাদিনের প্রদীপ নেই। ফলে রাতারাতি সমস্যা মিটবে না। সময় দিতে হবে। এটুকু বলতে পারি, ক্লাবের ঐতিহ্য ধরে রাখার সব রকম চেষ্টা করা হবে।” শোনা গিয়েছে, দু’সপ্তাহের মধ্যে ক্লাবের অন্তত অর্ধেক দেনা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।