রান্নার গ্যাসে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার প্রকল্প সফল হয়েছে বলে দাবি কেন্দ্রের। এ বার কেরোসিনেও গ্রাহকদের একই ভাবে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। এই প্রকল্পে রেশন দোকান ও খোলা বাজারে কেরোসিনের দামের যা তফাৎ, সেই পরিমাণ টাকা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। ১ এপ্রিল থেকে কয়েকটি রাজ্যে এই প্রকল্প পরীক্ষামূলক ভাবে চালু হবে বলে জানিয়েছে সরকার। শুক্রবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, তিন বছরের মধ্যে দেশের সমস্ত মানুষের কাছে রান্নার গ্যাস পৌঁছে দিতে চায় সরকার।