Advertisement
E-Paper

মাখন-টোস্ট বা স্যান্ডউইচ খেতে খেতে অরুচি ধরেছে? পাউরুটি দিয়ে ৭টি সুস্বাদু খাবার বানান প্রাতরাশে

রোজ রোজ কাঁহাতক মাখন-টোস্ট, ডিম-টোস্ট আর স্যান্ডউইচ ভাল লাগে! কিন্তু পাউরুটি এমন একটি উপাদান, যা দিয়ে অল্প সময়েই নানা ধরনের সুস্বাদু এবং পেটভরা জলখাবার তৈরি করা যায়। রইল ৭টির সন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৭:৩৭

ছবি: সংগৃহীত।

চিঁড়ে-মুড়িতে পেট ভরলেও মন ভরে না। তাই সকালের খাবার মানেই পাউরুটি। কিন্তু রোজ রোজ কাঁহাতক মাখন-টোস্ট, ডিম-টোস্ট আর স্যান্ডউইচ ভাল লাগে! কিন্তু পাউরুটি এমন একটি উপাদান, যা দিয়ে অল্প সময়েই নানা ধরনের সুস্বাদু এবং পেটভরা জলখাবার তৈরি করা যায়। ব্যস্ত সকালে রান্নার জন্য বেশি সময় না থাকলেও পাউরুটির সাহায্যে সহজেই তৈরি করা সম্ভব বেশ কিছু আকর্ষণীয় পদ।

প্রাতরাশে পাউরুটি দিয়ে কী কী বানাবেন?

ব্রেড উপমা

দক্ষিণ ভারতীয় পদ উপমারই এক সংস্করণ এটি। পাউরুটি টুকরো টুকরো করে কেটে বানানো হয় ব্রেড উপমা। পেঁয়াজ, কাঁচালঙ্কা, টম্যাটো এবং বিভিন্ন মশলার সঙ্গে ভেজে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু জলখাবার। কারিপাতা, সর্ষে ফোড়ন দিয়েও বানানো যায় যদিও।

অ্যাভোকাডো টোস্ট

তারকাদের জলখাবারের পাতে অ্যাভোকাডো টোস্ট দেখা যাচ্ছে প্রায়শই। পাউরুটি সেঁকে তার উপর অ্যাভোকাডো ফলের টুকরো বসিয়ে খেতে ভালবাসেন অনেকে। কেউ কেউ আবার ফলটি ভাল করে থেতো করে টোস্টে মাখিয়েও নেন। এর উপর ডিমের পোচ দিলে তা আরও স্বাস্থ্যকর ও সুস্বাদু হতে পারে।

পাউরুটির পায়েস

অনেকেই জানেন না, পাউরুটি দিয়েও ঘন পায়েস তৈরি করা সম্ভব। দুধ, এলাচ এবং শুকনো ফলের সঙ্গে পাউরুটি রান্না করলে তৈরি হয় একটি ভিন্ন স্বাদের সকালের খাবার। চিনির বদলে খেজুর দিয়ে বানালে এই পদটি স্বাস্থ্যকরও হতে পারে।

গন্ধরাজ ফ্রেঞ্চ টোস্ট

কয়েকটি ডিম ফেটিয়ে তাতে পাউরুটি চুবিয়ে ভেজে নিতে হবে। তার উপর মেয়োনিজ় মাখিয়ে নিতে হবে। এ বার গন্ধরাজ লেবুর কোরানো খোসা (জ়েস্ট) অল্প করে ছড়িয়ে দিন উপর থেকে। সতেজ এক প্রাতরাশের অনুভূতি পেতে এটিই উপযুক্ত।

পাউরুটির ধোকলা

পাউরুটির গুঁড়ো দিয়ে ধোকলা বানাতে হয়। এর মধ্যে সুজি আর টক দই মিশিয়ে ধোকলার আকারে কেটে ভাপিয়ে নিতে হবে। শেষে অল্প কারিপাতা, সর্ষে ও লঙ্কার ফোড়ন দিলে খেতে আরও ভাল লাগবে।

পাউরুটির দই টোস্ট

টক দইয়ে গোলমরিচ, ময়দা, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে মেখে নিতে হবে। পাউরুটির এক একটি স্লাইস দইয়ের মিশ্রণে ডুবিয়ে ঘিয়ে ভেজে নিতে হবে। এর সঙ্গে টম্যাটো সস বা গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন।

পাউরুটির পকোড়া

ঘরে-বাইরে স্ন্যাক্‌স হিসাবে বেশ জনপ্রিয় পাউরুটির পকোড়া। পাউরুটির টুকরো বেসনে চুবিয়ে তেলে ভাজা হয়। অথবা আলু দিয়ে পাউরুটি মেখে তার পর বেসনে ডুবিয়েও ভাজেন অনেকে। সস দিয়ে মাখিয়ে খেতে ভাল লাগে।

Breakfast Recipes Bread Pakora bread toast Bread Upma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy