গরম ও আর্দ্র আবহাওয়ায় অন্তর্বাসের চাপা অংশে র্যাশ বা চুলকানির সমস্যায় ভোগেন অনেকেই। ইলাস্টিকের অতিরিক্ত চাপ এবং ঘাম জমে থাকার কারণেই ব্যাক্টেরিয়ার সংক্রমণ হয়ে ওই রকম অস্বস্তিকর ত্বকের সমস্যা হতে পারে। তবে সঠিক উপায়ে যত্ন নিলে এক বেলাতেই ওই র্যাশ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
১। বরফ সেঁক: সুতির কাপড়ে বরফ মুড়িয়ে ৫-১০ মিনিট হালকা হাতে চেপে ধরুন। এটি ত্বকের জ্বালা ও ফোলা ভাব এক লহমায় কমিয়ে দেবে।
২। অ্যালোভেরা জেল: অ্যালোভেরার অ্যান্টি-ইনফ্ল্যামেটারি উপাদান ম্যাজিকের মতো কাজ করে। তাজা অ্যালোভেরা জেল বার করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর সেটি র্যাশের উপর লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩। নারকেল তেল ও কর্পূর: নারকেল তেলের সঙ্গে সামান্য কর্পূর মিশিয়ে আলতো হাতে লাগিয়ে দিন র্যাশের উপরে। কর্পূরের ঠান্ডা অনুভূতি চুলকানি কমাবে এবং নারকেল তেল ত্বককে নরম করবে।
৪। আপেল সাইডার ভিনিগার: এক কাপ জলে এক চামচ আপেল সাইডার ভিনিগার মিশিয়ে তুলো দিয়ে র্যাশের উপরে লাগিয়ে দিন। এটি ব্যাক্টেরিয়ার সংক্রমণ দূর করতে দারুণ কার্যকরী।
যা মাথায় রাখবেন
১। যত ক্ষণ না র্যাশ কমছে, তত ক্ষণ সিন্থেটিক অন্তর্বাস এড়িয়ে চলুন এবং ঢিলেঢালা সুতির পোশাক পরুন। আক্রান্ত স্থানটি সব সময়ে শুকনো রাখার চেষ্টা করুন। ঘাম জমলে হালকা সাবান দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিন।
২। সমস্যা যদি ২-৩ দিনের বেশি স্থায়ী হয় বা পুঁজ জমে, তবে দেরি না করে চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিন।