চালের জল বা ফ্যান দিয়ে রূপ এবং কেশচর্চার পন্থা নতুন নয় মোটেই। চাল ধোয়া জলে আছে প্রচুর আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন। এ ছাড়াও মেলে ভিটামিন বি-৭। যা চুলে জেল্লা ফেরানোর কাজ করে। এ ছাড়াও, চালের জলের হড়হড়ে ভাব চুলের শুষ্ক ভাব কমিয়ে নমনীয়তা নিয়ে আসে।
চালের জলের যেমন গুণ আছে, তেমনই ডাবের জলও উপকারী। শরীর ঠান্ডা রাখতে, গরমের দিনে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে ডাবের জল যে চুলের জন্যও উপকারী, সে কথা হয়তো সকলের জানা নেই। ডাবে রয়েছে প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার। যা চুলকে নরম রাখতে সাহায্য করে। পাশাপাশি, চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখে। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং নানা রকম খনিজ। যা চুলের স্বাস্থ্য রক্ষা করে।
আরও পড়ুন:
কোনটি কী ভাবে ব্যবহার করতে হয়
চুলে শ্যাম্পু করার পরে চুল ধুতে ব্যবহার করুন চালের জল। হালকা করে মাথায় মালিশ করুন। তার পরে ধুয়ে ফেলুন। চালের জলে যে স্টার্চ থাকে, তা রুক্ষ চুলে জেল্লা ফেরায়, চুলকে মসৃণ করে।
মাস্ক হিসাবে ব্যবহার করা যেতে পারে ডাবের জল। ডাবের জলের সঙ্গে ২ চামচ অ্যালো ভেরা জেল এবং ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে ভাল করে লাগান। কিছু ক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। এই মাস্ক চুলকে পুষ্টি জোগায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে। চুল লম্বাও হয় এই মাস্কে।
দুইয়ের মধ্যে বাছবেন কোনটি?
গোড়া দুর্বল হয়ে চুল ঝরলে, জেল্লা হারালে বেছে নেওয়া ভাল চালের জল। মাথার ত্বক বেশি মাত্রায় শুষ্ক হলেও আস্থা রাখা যায় চালের জলে। অন্য দিকে, গরমে ঘাম বেশি হলে বেছে নিতে পারেন ডাবের জল। রুক্ষ চুলে জেল্লা ফেরাতেও কাজ করে ডাবের জল।