Advertisement
E-Paper

প্যারিসের সম্মাননীয় ফ্যাশন উইকে অভিষেক ঘটবে বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের

আগামী ৮ জুলাই, অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলিউডের অন্যতম জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের হাত ধরে। আর এই সুসংবাদ তিনি দিয়েছেন ইনস্টাগ্রামে পোস্ট করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৮:৩৪
পোশাকশিল্পী মণীশ মলহোত্র।

পোশাকশিল্পী মণীশ মলহোত্র। ছবি: ফাইল চিত্র।

নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছেন ভারতীয় পোশাকশিল্পী মণীশ মলহোত্র। ‘প্যারিস ওত কুচুয়া উইক’-এ প্রথম বার নিজের শিল্পকে মেলে ধরার আমন্ত্রণ পেলেন তিনি। আগামী ৮ জুলাই, অনুষ্ঠানের যবনিকাপতন ঘটবে বলিউডের সবচেয়ে জনপ্রিয় পোশাকশিল্পীর হাত ধরে। আর এই সুসংবাদ তিনি দিয়েছেন ইনস্টাগ্রামে পোস্ট করে। ভারতীয় ফ্যাশনের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে।

ফ্যাশন জগতের অলিম্পিক বলা হয় যে মঞ্চকে, সেখানে ভারতীয় ডিজ়াইনারের নাম যোগ হওয়া কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং গোটা ভারতীয় ফ্যাশন শিল্পের জন্য গর্বের বিষয়। এ বার মোট ৩০টি ব্র্যান্ড তাদের কাজ নিয়ে আসছেন অনুষ্ঠানে। সেই তালিকায় নতুন সংযোজন মণীশ।

‘প্যারিস ওত কুচুয়া উইক’ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন আসরগুলির অন্যতম।

‘প্যারিস ওত কুচুয়া উইক’ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন আসরগুলির অন্যতম। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে পোস্ট করে মণীশ জানিয়েছেন, এ কেবল তাঁর সাফল্য নয়, ভারতীয় সূচিশিল্প, হস্তশিল্প, কারুকাজ এবং ঐতিহ্যবাহী বয়নশিল্পের আন্তর্জাতিক স্বীকৃতিরও প্রতীক এটি। তাঁর সঙ্গে যাঁরা বছরের পর বছর ধরে কাজ করছেন, তাঁদেরও সাফল্য বটে। এই প্রেক্ষাপটে মনীশের প্যারিস-অভিষেককে ভারতীয় ফ্যাশনের নতুন অধ্যায় বললে অত্যুক্তি হয় না।

‘প্যারিস ওত কুচুয়া উইক’ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন আসরগুলির অন্যতম। শুধুমাত্র নির্বাচিত কিছু ফ্যাশন হাউসই নিজেদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা এবং বিলাসবহুল নকশার প্রদর্শন করার সুযোগ পান এখানে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফ্যাশন ব্র্যান্ডগুলি এই মঞ্চে নিজেদের সংগ্রহ তুলে ধরে। তবে মণীশ ছাড়াও গৌরব গুপ্ত, রাহুল মিশ্র, বৈশালী সাদাঙ্গুলের মতো ভারতীয় পোশাকশিল্পীও এ বার মঞ্চে আমন্ত্রিত। তবে রাহুল মিশ্র অবশ্য এর আগেও একাধিক বার ‘প্যারিস ওত কুচুয়া উইক’-এ নিজের পোশাকসম্ভার প্রদর্শনের সুযোগ পেয়েছিলেন। ২০২০ সালে তিনিই ছিলেন প্রথম ভারতীয় পোশাকশিল্পী, যিনি এই মঞ্চে পা রেখেছিলেন।

বলিউড ছবির হাত ধরে মণীশের যাত্রা শুরু হয়েছিল। তা সে ‘কভি খুশি কভি গম’-এ করিনা কপূরকে ‘পুহ’ হিসেবে সাজানো হোক বা ‘রঙ্গীলা’ ঊর্মিলা মাতোণ্ডকরের পোশাক হোক অথবা ‘মহব্বতেঁ’ ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চনের চরিত্রের সাজ তৈরি করা হোক, ৯০-এর দশক থেকে বলিউডের ছবি বা পার্টির পোশাকের দায়িত্ব মূলত মণীশেরই কাঁধে ছিল। তার পর যখন থেকে তারকাদের বিয়ে বিনোদনী জগতের বিশেষ আকর্ষণ হয়ে উঠল, তখন থেকে তাঁর শৈল্পিক সত্ত্বাও অন্য ভাবে প্রকাশ পেতে শুরু করল। তারকামহলের বাইরেও তাঁর বানানো ঝলমলে পোশাক দেখা যেতে লাগল বর-কনের পরনে।

তবে বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ফ্যাশন জগতে নিজের পদচিহ্ন তৈরি করছেন মণীশ। দুবাইতে নিজের স্টোর খুলেছেন। দুবাইয়ের ফ্যাশন উইক-এ সমাপ্তি অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছিলেন তিনি। ‘মেট গালা’তেও অংশ নিয়েছেন মণীশ। রিহানা এবং জেনিফার লোপেজ়ও তাঁর পোশাকে সেজেছেন। সেই মণীশের মুকুটে এ বার নয়া পালন যোগ করবে ‘প্যারিস ওত কুচুয়া উইক’।

Manish Malhotra Paris Fashion Week
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy