আমেরিকায় ফিরে ভারতকে ‘গুরুত্বপূর্ণ বন্ধু দেশ’ বলে উল্লেখ করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। সম্প্রতি তিনি ভারত সফর সেরে দেশে ফিরেছেন। আমেরিকায় হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে সেই সফর সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। রুবিয়ো জানান, ভারতের সঙ্গে শীঘ্রই আমেরিকার বাণিজ্যচুক্তি সম্পন্ন হবে। দুই পক্ষই ওই চুক্তি চায়। চুক্তি সম্পাদনের খুব কাছাকাছি রয়েছে ভারত এবং আমেরিকা।
রুবিয়োর চার দিনের ভারত সফর থেকে আমেরিকা কী পেল, কী ভাবে ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় করতে চায়, সে বিষয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মার্কিন বিদেশসচিব। তিনি বলেন, ‘‘ভারত আমেরিকার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধু। আমরা অনেক কাজ একসঙ্গে করি। আরও অনেক কাজ একসঙ্গে করার বড় সুযোগ আমাদের সামনে রয়েছে।’’ ভারত ও আমেরিকার বাণিজ্যচুক্তি সম্পর্কে রুবিয়ো বলেন, ‘‘আমাদের বাণিজ্যচুক্তি নিয়ে সমঝোতা শীঘ্রই গুটিয়ে আনতে পারব আশা করছি। আমার মনে হয়, আর কয়েক সপ্তাহের মধ্যে ওই চুক্তি হয়ে যাবে। আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। উভয় পক্ষই চায় চুক্তিটা হোক।’’
আরও পড়ুন:
দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির আলোচনা এগোচ্ছে। তার মধ্যেই ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর বুধবার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চকে এ দেশে স্বাগত জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীর হচ্ছে। এর পরেই আমেরিকায় ভারত সম্পর্কে রুবিয়োর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ।
ভারতে এসে কোয়াডের বৈঠকেও যোগ দিয়েছিলেন রুবিয়ো। কোয়াডের সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা ওই বৈঠকে ছিলেন। রুবিয়ো জানিয়েছেন, বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কাজের পরিসর আরও প্রশস্ত হয়েছে। চলতি বছরের শেষের দিকে আর একটি কোয়াড বৈঠকের আয়োজন করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। ভারত, আমেরিকা ছাড়াও কোয়াডের সদস্য অস্ট্রেলিয়া এবং জাপান।