গরম বাড়ছে। এর মধ্যেই ডিহাইড্রেশন, মাথা ধরা, পেটের সমস্যার পাশাপাশি ভুগছে ত্বকও। গাতে, গলায়ে ঘাড়ে বেরোচ্ছে ফুস্কুড়ি, ব্রণ, র্যাশ, ঘামাচি ইত্যাদি। দিনভর বাইরে থাকার পরে হয়তো বাড়ি ফিরে দেখলেন পোশাকের নীচে, ঘাড়ে-পিঠে কিংবা হাত-পায়ের খাঁজে চাপ চাপ লালচে র্যাশ। যা চুলকোবে আর ভুলবশত চুলকে ফেললে শুরু হবে জ্বলুনি। ঠান্ডা জলে অ্যান্টিসেপ্টিক দিয়ে স্নান, প্রিকলি হিট পাউডার দিয়েও অস্বস্তি কমে না অনেক সময়ে। সে ক্ষেত্রে কী ভাবে হিট র্যাশ থেকে মুক্তি পাবেন, তা জেনে রাখা জরুরি।
শসা-অ্যালো ভেরার প্যাক
ত্বকের যে জায়গাগুলিতে চামড়ায় লালচে র্যাশ, চুলকানি হচ্ছে সেখানে শসা-অ্যালো ভেরার প্যাক লাগালে আরাম হবে। একটি গোটা শসা মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে তার সঙ্গে ২ চা-চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে র্যাশের জায়গায় লাগিয়ে রাখলে সেখানকার ত্বক ঠান্ডা হবে, চুলকানি ও জ্বালা ভাব কমে যাবে।
আরও পড়ুন:
দই-মধুর প্যাক
দই ও মধু, দু’টিরই অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ আছে। মধু প্রদাহনাশকও। দুই চামচ দইয়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে র্যাশের জায়গায় লাগাতে হবে। এতে সেই জায়গার ত্বক নরম হবে ও জ্বালা কমে যাবে।
তরমুজের প্যাক
ত্বকের প্রদাহ কমাতে ও ত্বক আর্দ্র রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। এক কাপের মতো তরমুজ কুচি নিয়ে তা ব্লেন্ড করে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখলে চুলকানি কমবে। র্যাশের সমস্যাও দূর হবে।