Advertisement
E-Paper

গরমে করুন মিন্ট মেক আপ! কিন্তু কেন? কী কী সরঞ্জাম অবশ্য প্রয়োজনীয় ওই মেক আপের জন্য?

চলতি বছরে সাজগোজের ট্রেন্ডে ঠান্ডা রঙেরই জয়জয়কার চতুর্দিকে। পোশাকশিল্পীদের আয়োজিত ফ্যাশন শোয়ের মার্জার সরণিতেও রাজত্ব করছে আইসি ব্লু বা টিফানি ব্লু-এর মতো হিমশীতল সব রং।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৫:০৩
ঠান্ডা ঠান্ডা মেকআপ!

ঠান্ডা ঠান্ডা মেকআপ! ছবি: সংগৃহীত।

তীব্র গরমে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছে ‘মিন্ট মেকআপ’। ব্যাপারটা ভেবেই বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ আসছে, তাই না? মিন্ট মেকআপের মূল কথাও তা-ই। এই সাজের লক্ষ্যই হল ঝরঝরে তরতাজা ভাব আনা। তাই চারপাশে যখন ভ্যাপসা, প্যাচপেচে গরম, তখন এমন মেকআপ আপনার এবং আপনার আশপাশের মানুষের মনেও খানিক শীতল ভাব আনবে।

তাই এই মেকআপে উষ্ণতা ছড়ানো চেনা রং— গোলাপি, লাল, বাদামি কিংবা পার্পলের কোনও স্থান নেই। বদলে এই মেকআপের প্যালেটে রাজত্ব করে সমুদ্র সবুজ, সমুদ্র নীল, মিন্ট গ্রিন, অ্যাকোয়া ব্লু এবং নীল-সবুজের মিশ্রণে তৈরি আরও নানা ঠান্ডা ঠান্ডা রং।

চলতি বছরে সাজগোজের ট্রেন্ডে সেই সব ঠান্ডা রঙেরই জয়জয়কার চতুর্দিকে। পোশাকশিল্পীদের আয়োজিত ফ্যাশন শোয়ের মার্জার সরণিতেও রাজত্ব করছে আইসি ব্লু বা টিফানি ব্লু-এর মতো হিমশীতল সব রং। গ্রীষ্মের তপ্ত দিনে রোজের সাজে বা বিশেষ সাজে সেই সব রঙের ছোঁয়ায় সাজে স্নিগ্ধ ভাব আনতে পারেন আপনিও। তার জন্য কী কী সরঞ্জামের দরকার পড়বে জেনে নিন।

মিন্ট মেক আপের জন্য কী কী সরঞ্জাম লাগবে?

মিন্ট আইশ্যাডো প্যালেট: মিন্ট গ্রিন, সমুদ্র সবুজ রং বা প্যাস্টেল অ্যাকোয়া শেডের আইশ্যাডো থাকতে হবে। আর তা থাকতে হবে শিমার এবং ম্যাট দু’ধরনেরই।

মিন্ট আইলাইনার বা কাজল: ওয়াটারলাইনে ব্যবহারের জন্য মিন্ট রঙের কাজল বা ড্রামাটিক উইংড লাইনার টানার জন্য লিকুইড মিন্ট গ্রিন রঙের লাইনারও সঙ্গে রাখুন।

লুমিনাস প্রাইমার ও লাইট ফাউন্ডেশন: মিন্ট মেকআপের আসল রহস্য হল ঝকঝকে সতেজ ত্বক। তাই ভারী ফাউন্ডেশন ব্যবহার করবেন না। বদলে এমন ফাউন্ডেশন বেছে নিন, যা খানিক ‘ডিউই’ ফিনিশ দেয় অর্থাৎ মুখে ভিজে ভাব আনে। লুমিনাস প্রাইমারও তা করতে পারে।

ব্রোঞ্জার ও হাইলাইটার: চোখে যদি হিমেল মিন্ট রঙের ছোঁয়া থাকে তবে তার সঙ্গে মিলিয়ে মুখের অবয়ব যথাযথ ভাবে ফুটিয়ে তুলতে দরকার হবে ব্রোঞ্জার বা সিলভার বা শ্যাম্পেন হাইলাইটার। এতে গাল ও নাকের হাড়ে এক ধরনের তীক্ষ্ণ ভাব আসবে, যা মিন্ট মেকআপের সঙ্গে ভাল লাগবে।

ন্যুড গ্লসি লিপস্টিক: যেহেতু চোখের সাজে মিন্ট রঙের প্রাধান্য থাকবে, তাই ঠোঁটের রং হবে একদম হালকা। ন্যুড বা কোরাল শেডের গ্লসি লিপস্টিক বা লিপ প্লাম্পারই যথেষ্ট। গাঢ় লিপস্টিকের দিকে তাকাবেনই না।

কেন বেছে নেবেন মিন্ট মেক আপ?

১। চড়া বা জমকালো রঙের তুলনায় মিন্ট রঙের মেকআপ চোখের জন্য আরামদায়ক। এটি ত্বকে খুব চড়া দেখায় না। বদলে ত্বকের রঙের সঙ্গে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে চেহারায় এক ধরনের সতেজ এবং প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফুটিয়ে তোলে। যা চারপাশের গরমের মধ্যে তরতাজা দেখায়।

২। ভারতীয় ত্বকের সঙ্গে দারুণ মানানসই মিন্ট মেক আপ। রং দেখে মনে হতে পারে ওই শেড ভারতীয় চাপা গায়ের রঙের সঙ্গে মানাবে না। কিন্তু আসলে তা নয়। মেকআপ শিল্পীরা বরং মনে করছেন, ওই রং বাদামি রঙের ত্বক বা ভারতীয় ওয়ার্ম টোনেই ভাল লাগবে বেশি।

৩। লুমিনাস স্কিন অর্থাৎ ভিজে ভাবের পাশাপাশি এক অদ্ভুত দীপ্তি থাকবে ত্বকে, তেমন ত্বক-ই এই মেকআপের বিশেষত্ব। এর সঙ্গে সামান্য চকচকে ভিজে ভাব থাকা ঠোঁট, মিন্ট গ্রিন আইশ্যাডো, লাইনার, রুপোলি হাইলাইটার ইত্যাদি অত্যন্ত আধুনিক আর ট্রেন্ডি ভাব আনে সাজে। এ সাজ জেন জ়ি-দের পছন্দের তালিকায় এখন এক নম্বরে।

Summer Makeup Tips mint Makeup Tips Makeup Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy