Advertisement
E-Paper

বেনারসি শাড়ি বছর কুড়ি পরেও থাকবে নতুনের মতো! জেনে নিন, কোন ৫ ভুলে অজান্তেই শাড়ির ক্ষতি হয়

বিয়ের দিনে এক বার সেই বেনারসি পরার পর আবার কবে সেই শাড়ি পরা হবে, তা ঠিক থাকে না। যার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায়, সঠিক যত্নের অভাবে বিয়ের শাড়ি ভাঁজে ভাঁজে কেটে গিয়েছে। কিংবা হয়তো দীর্ঘ দিন না ব্যবহার করার ফলে শাড়ির কয়েকটি অংশ পেঁজে গিয়েছে। বেনারসির চাই একটু বাড়তি যত্ন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৫:১২
আলিয়ার পরনে বেনারসি।

আলিয়ার পরনে বেনারসি। ছবি: ইনস্টাগ্রাম।

বাঙালি কন্যের বিয়ে থেকে বিয়েবাড়ির আদি ও অকৃত্রিম পছন্দ বেনারসি। উত্তরপ্রদেশের বেনারসের এই প্রাচীন শাড়ির পরতে পরতে ঐতিহ্য ও ইতিহাসের সুবাস। আধুনিক সাজের বাড়বাড়ন্তেও যার রাজকীয় আভিজাত্য এতটুকু অমলিন হয়নি। তবে বেনারসি শাড়ির একটু অযত্ন হলেই, ফেঁসে যেতে খুব বেশি সময় লাগে না। বাজারে ভাল মানের সিল্কের বেনারসি কিনতে গেলে অন্তত পনেরো থেকে কুড়ি হাজার টাকা খসবেই। বিয়ের দিনে এক বার সেই বেনারসি পরার পর আবার কবে সেই শাড়ি পরা হবে, তা ঠিক থাকে না। যার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায়, সঠিক যত্নের অভাবে বিয়ের শাড়ির ভাঁজে ভাঁজে কেটে গিয়েছে। কিংবা হয়তো দীর্ঘ দিন না ব্যবহার করার ফলে শাড়ির কয়েকটি অংশ পেঁজে গিয়েছে। বেনারসির চাই একটু বাড়তি যত্ন। এই শাড়ি যত্নআত্তি করতে গিয়ে কোন ভুলগুলি একেবারেই করা চলবে না, জেনে নিন।

১) শাড়ি ছাড়ার পরই তা ভাঁজ করে তুলে রাখবেন না। শরীরের তাপ আর ঘাম, দুই-ই শাড়িতে বসে যায়। সবার আগে শাড়িটিকে একটি মসৃণ, প্লাস্টিকের হ্যাঙ্গারে (কখনওই ধাতব নয়) ঝুলিয়ে ঘরের ভিতরে ঠান্ডা কোনও জায়গায় কমপক্ষে ৬ থেকে ১০ ঘণ্টার জন্য রাখুন। তার পরেই আলমারিতে তুলবেন।

২) বেনারসি শাড়ি সব সময় ড্রাই ওয়াশ করান। তবে প্রতি বার ব্যবহারের পরেই ধোয়ার কোনও প্রয়োজন নেই। ২-৩ বার পরে নিয়ে তার পরেই ড্রাই ওয়াশ করতে দিন। তবে শাড়িতে কোনও রকম দাগ লাগলে সেই দাগ ফেলে না রেখে সঙ্গে সঙ্গে ড্রাই ওয়াশ করুন।

Advertisement
বেনারসি শাড়ি এক বার আলমারিতে তোলার পর আর তার কথা মনেই রাখলেন না, এমনটা করলে কিন্তু চলবে না।

বেনারসি শাড়ি এক বার আলমারিতে তোলার পর আর তার কথা মনেই রাখলেন না, এমনটা করলে কিন্তু চলবে না। ছবি: সংগৃহীত।

৩) বেনারসি শাড়ি ইস্ত্রি করার সময় শাড়ি উল্টে করতে হবে। সোজা অবস্থায় ইস্ত্রি করলে তাপের কারণে জড়ির জেল্লা কমে যায়, শাড়িতে কালচে ভাব এসে যেতে পারে। খুব ভাল হয় যদি একটি সুতির কাপড় শাড়ির উপর রেখে তার পর যদি ইস্ত্রি করা যায়।

৪) শাড়ি যাতে ভাঁজে ভাঁজে কেটে না যায়, সে কারণে অনেকেই বেনারসি শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন। কিন্তু এর ফলে শাড়ির সুতো কেটে শাড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বরং কোনও সুতির কাপড়ে বেনারসি মুড়ে, তা আলমারিতে তুলে রাখুন। অনেকেই বিয়ে আর বৌভাতের বেনারসি দু’টি একসঙ্গে রেখে দেন। দু’টি বেনারসি শাড়ি কখনওই একসঙ্গে রাখবেন না, দু’টি রেশম কাপড়ে ঘষা লাগলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। প্লাস্টিকের শাড়ির ব্যাগেও কিন্তু বিয়ের শাড়ি রাখবেন না। এতেও শাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ন্যাপথলিন সরাসরি রাখবেন না শাড়িতে। একটি কাগজে একটি কর্পূরের ঢেলা ও ১০-১২টি গোলমরিচ মুড়ে রেখে দিন শাড়ির ভাঁজে।

৫) শাড়ি এক বার আলমারিতে তোলার পর আর তার কথা মনেই রাখলেন না, এমনটা করলে কিন্তু চলবে না। মাস তিন-চারেক পর পর শাড়ি বার করে ঘরের মধ্যেই হাওয়ায় ঝুলিয়ে রাখুন। তার পর আবার শাড়ির ভাঁজ নতুন করে করে তবেই আলমারিতে ঢোকান।

Fashion Hacks Fashion Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy