Advertisement
E-Paper

জেল না কি ক্রিম, ময়েশ্চারাইজ়ার হিসাবে কোনটি বেশি ভাল হবে তা নিয়ে ধন্দ? কোনটি বাছবেন

বাজারে রয়েছে রকমারি ময়েশ্চারাইজ়ার, কোনওটি জেলের মতো, কোনওটিতে তেল বা ক্রিমের ভাগ বেশি। এত সব দেখেশুনে ধন্দে, বেছে নেবেন কোনটি? জেনে নিন কোনটি কী কাজে লাগে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৪:৫৭
কোন ধরনের ময়েশ্চারাইজ়ার আপনার ত্বকের জন্য ভাল, বুঝবেন কী করে?

কোন ধরনের ময়েশ্চারাইজ়ার আপনার ত্বকের জন্য ভাল, বুঝবেন কী করে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ত্বকের যত্নে ময়েশ্চারাইজ়ার জরুরি। কিন্তু কেমন হবে সেই ময়েশ্চারাইজ়ার। প্রসাধনীর জগতে চোখ রাখলে রকমফেরে চোখ ধাঁধিয়ে যায়। এক এক ময়েশ্চারাইজ়ারের এক একরকম বিজ্ঞাপনী প্রচার। কোনওটিতে আছে কোকো বাটার, কোনটিতে শিয়া বাটার। কোনওটি জেলের মতো, কোনওটিতে তেল বা ক্রিমের ভাগ বেশি। এত সব দেখেশুনে ধন্দে, বেছে নেবেন কোনটি?

জুন মাস মানেই ভ্যাপসা গরম। তার উপর মাঝে মধ্যে বৃষ্টির জেরে বাড়ে বাতাসের আর্দ্রতা। উষ্ণ এবং ঘর্মাক্ত এই মরসুমের জন্য ভাল ময়েশ্চারাইজ়ার বাছার আগে জেনে নিন বৈশিষ্ট্য।

গরমের মরসুমে অনেকেই খোঁজেন এমন ময়েশ্চারাইজ়ার যা ত্বক শুষে নেবে, চটচটে দেখাবে না মোটেই। তার জন্যই বাড়ছে জেল ময়েশ্চারাইজ়ারের কদর। এতে তেলের ভাব কম। বিশেষত তৈলাক্ত ত্বকের জন্য এমটাই উপযোগী। চটচটে ভাব ছাড়াই ত্বক আর্দ্র রাখার জন্য এমন ময়েশ্চারাইজ়ার জরুরি। অন্য দিকে, ক্রিম বা তেল নির্ভর ময়েশ্চারাইজ়ারে ক্রিম এবং তেলের ভাগ বেশি থাকে। রুক্ষ ত্বকের জন্য তা আদর্শ হলেও, গরম বা আর্দ্র আবহাওয়ায় খানিক চটচটে বোধ হতে পারে।

জেল নির্ভর ময়েশ্চারাইজ়ারের সুবিধা

এই ধরনের ময়েশ্চারাইজ়ারে জলের ভাগ বেশি থাকে। ফলে দ্রুত ত্বক শোষণ করতে পারে। মনে হয় না, ত্বকের উপর কোনও আস্তরণ রয়েছে। ফলে গরমে ঘামলেও অস্বস্তি বোধ হয় না।

যাঁদের ত্বকের ধরন তৈলাক্ত, মুখে ব্রণ রয়েছে, বেশি ঘাম হয়, তাঁদের জন্য এই ময়েশ্চারাইজ়ার উপযোগী। কারণ, আর্দ্রতা বজায় রাখলেও, মুখ চটচটে হয়ে যায় না। তা ছাড়া, গরমের দিনে মেকআপ করার সময়ে এই ময়েশ্চারাইজ়ার মাখলে বাড়তি ঘামের ভয় থাকে না।

ক্রিম বেস্‌ড ময়েশ্চারাইজ়ার

কোকো, শিয়া বাটার-সহ একাধিক ক্রিম বেস্‌ড ময়েশ্চারাইজ়ার মেলে। এটি জেল ময়েশ্চারাইজ়ারের তুলনায়, একটু মোটা হয়। দীর্ঘ ক্ষণ ধরে ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। ফলে গরমের মরসুমে যাঁদের ঘণ্টার পর ঘণ্টা এসিতে বসে কাজ করতে হয়, তাঁদের জন্য ক্রিম বেস্‌ড ময়েশ্চারাইজ়ার ভাল। এসিতে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। জল ভাব কমে যায়। এই সময় জেল ময়েশ্চারাইজ়ার সব সময়ে কাজের হয় না। তা ছাড়া, ত্বকের ধরন শুষ্ক হলে সারা বছরই এমন ময়েশ্চারাইজ়ার ভাল।

বেছে নেবেন কোনটি?

গরম এবং বর্ষার জন্য জেল ময়েশ্চারাইজ়ার ভাল হলেও, শীতের মরসুমে তা ত্বকের চাহিদা পূরণে অসমর্থ হতে পারে। আবার ক্রিম বেস্‌ড ময়েশ্চারাইজ়ার রোদে বেরোনোর আগে চটচটে হয়ে উঠতে পারে। কিন্তু এসি ঘরের জন্য সেটি ভাল। সুতরাং কোন ময়েশ্চারাইজ়ার বেছে নেবেন তা নির্ভর করে ত্বকের ধরন, মরসুম, কখন ব্যবহার করা হচ্ছে তার উপরে। রাতভর যদি এসি ঘরে শোয়ার অভ্যাস থাকে তা হলে একটু মোটা ময়েশ্চাইরাইজ়ার ব্যবহার করাই ভাল।

Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy