Advertisement
E-Paper

৩-৪ দিনেই উঠে যায় নেলপলিশ? দোষ কিন্তু সব সময় নখরঞ্জনীর নয়, কোন ভুল এড়ানো দরকার?

শখের নেলপলিশ নখে ৪-৫ দিনের বেশি টিকছে না? পরার ভুলেই এমন হচ্ছে না তো? কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৫৭
নেলপলিশ বেশি দিন থাকবে কী করে?

নেলপলিশ বেশি দিন থাকবে কী করে? ছবি: সংগৃহীত।

কেয়ারি করা নখে যত্ন করে নেলপলিশ লাগালেন, কিন্তু তা কি ৪-৫ দিনেই উঠে গেল? কারও হাতে নখরঞ্জনী অন্তত ২ সপ্তাহ রয়ে যায়, কারও আবার ২ দিন যেতে না যেতেই তার পরত উঠতে শুরু করে। দ্রুত নেলপলিশ উঠে গেলে দোষ হয় নখরঞ্জনীর। প্রশ্ন ওঠে সেটির মান এবং স্থায়িত্ব নিয়ে।

তবে শুধু নখরঞ্জনীর মানের উপর তার স্থায়িত্ব নির্ভর করে না। ধরন আছে নেলপলিশ লাগানোরও। তার পরেও যত্ন দরকার। নেলপলিশ দ্রুত উঠে যাওয়ার নেপথ্যে কোন ভুল থাকতে পারে?

১। নেলপলিশের জন্য পরিষ্কার, সুন্দর এবং শুকনো নখ চাই। নেল রিমুভার দিয়ে পুরনো নেলপলিশ তোলার পরে নখ ভাল করে পরিষ্কার না করে তার উপরেই নতুন রং চাপালে তা স্থায়ী হবে না। নেল রিমুভারের তেলতেলে ভাবের জন্য নেলপলিশ বেশি দিন থাকবে না। নেলপলিশ পরার আগে কিউটিকল রিমুভার দিয়ে কিউটিকল পরিষ্কার করে নেওয়া জরুরি। নখ হতে হবে পরিষ্কার এবং শুকনো।

২। রং গাঢ় দেখানোর জন্য অনেকেই ২-৩ পরতে নখরঞ্জনী পরেন। মনে রাখা দরকার, তা যত পুরু হবে, তত সহজেই উঠবে। তা ছাড়া, অনেকে ম্যানিকিয়োরের (হাতের বিশেষ পরিচর্যা) সময় নখের উপরিতল ঘষে নেন। সঠিক কায়দায় তা না করা হলে, বেশি ঘষাঘষিতে নখ পাতলা হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে নখ দ্রুত ভেঙেও যাবে।

৩। নেলপলিশ পরার সময় আরও একটি ভুল হল বেস কোট এবং টপ কোট ব্যবহার না করা। বেস কোট বা স্বচ্ছ নেলপলিশের পরত নখের উপর একটি আস্তরণ তৈরি করে। বেস প্রথমে লাগাতে হয়। সেটি শুকোলে পছন্দের নেলপলিশ লাগানোর পর ব্যবহার করতে হয় টপ কোট। এটিও স্বচ্ছ। নেলপলিশ স্থায়ী করতে দু’টি ধাপই জরুরি।

৪। নখ বাড়তে শুরু করলে, অনেকেই বাড়তি অংশটি ঢাকা দেওয়ার জন্য আবার নেলপলিশের পরত দিয়ে দেন। এতেও কিন্তু নখের সৌন্দর্য নষ্ট হয় আর নেলপলিশ দ্রুত উঠতে শুরু করে। ভাল উপায় হল নখ থেকে পুরনো নখরঞ্জনী তুলে আবার নতুন করে তা ব্যবহার করা।

৫। ম্যানিকিয়োরের পর সুন্দর নখ নষ্ট হতে পারে অযত্নেই। যাঁদের নিয়ম করে বাসন মাজতে হয় বা সব্জি কাটতে হয়, তাঁরা দস্তানা ব্যবহার করতে পারেন। ক্রমাগত সাবান এবং জলের সংস্পর্শে থাকলে নেলপলিশ দ্রুত উঠে যাওয়াটাই স্বাভাবিক।

Nail Polish manicure
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy