তীব্র গরমে বিয়েবাড়ি বা অফিসের প্রয়োজনে মেকআপ তো করতেই হয়, কিন্তু বিপত্তি ঘটে বাড়ি ফেরার পর। ঘাম আর মেকআপের সংমিশ্রণে ত্বকের অবস্থা নাজেহাল হয়ে যায়। ফলেব্রণ, ব্ল্যাকহেডের সমস্যা বাড়ে। অকাল বার্ধক্যের ছাপ পড়ে মুখে। মেকআপ তুলে ফেলার পরও অনেকের ত্বক জ্বালা করে বা তেলতেলে হয়ে থাকে। তাই গরমের দিনে ত্বক বাঁচাতে সঠিক উপায়ে যত্ন নেওয়া প্রয়োজন। তার জন্য ঘরোয়া উপায়ই ভাল।
গরমের দিনে ত্বক বাঁচাবেন যে ভাবে
ময়েশ্চারাইজার তো রয়েছেই, তবু বেরনোর মিনিট ২০ আগে ৫০–৬০ এসপিএফ–এর সানস্ক্রিন লাগান পুরু করে। মেক আপ যা করার তা করুন এর উপরে। পাহাড়ে বা সমুদ্রে বেড়াতে গেলে আরও বেশি এসপিএফ লাগতে পারে। সে ক্ষেত্রে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন মিশিয়ে মাখতে পারেন। উপরে পাউডার লাগালে আরও ভাল কাজ হবে।
ডবল ক্লিনজ়িং খুবই জরুরি এ সময়ে। প্রথমে তেল-ভিত্তিক ক্লিনজ়ার ব্যবহার করা হয়, যা ত্বকের তেল, সানস্ক্রিন ও মেকআপের মতো জিনিস বার করে। এর পর মৃদু ফেসওয়াশ দিয়ে বাকি ঘাম, ধুলো ও ময়লা পরিষ্কার করা হয়। ‘ডবল ক্লিনজ়িং’ ত্বককে ভাল ভাবে পরিষ্কার করতে সাহায্য করে।
আরও পড়ুন:
মেকআপ তোলার পরে অনেকেরই ত্বকের রন্ধ্র বড় হয়ে যায়। তাই বরফ জলে মুখ ধুলে বা ঔজ্জ্বল্য বাড়বে। কয়েকটি তুলসী পাতা বেটে নিয়ে জলে গুলে নিন। এ বার তার সঙ্গে ২ চামচ অ্যালো ভেরা জেল নিয়ে জলে ভাল করে গুলে নিন। এই মিশ্রণ দিয়ে বরফ জমিয়ে নিন। অ্যালো ভেরা ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ব্রণর সমস্যা দূর করে। তুলসী পাতাও ত্বককে ঠান্ডা করে। এই মিশ্রণ ট্যান দূর করতেও সাহায্য করবে।
২ চামচ টক দই এবং ১ চামচ মধু মিশিয়ে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করবে এবং মধু ত্বককে নরম ও মসৃণ রাখবে। ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও দূর হবে এই প্যাক মাখলে।