Advertisement
E-Paper

বর্ষায় শুধু ত্বক নয়, বিগড়ে যেতে পারে প্রসাধনীও, কী ভাবে যত্ন নেবেন সেগুলির?

বর্ষায় পোশাক এবং মরসুমের সঙ্গে মিলিয়ে মনের মতো রূপটান করলেই শুধু হবে না, প্রসাধন সামগ্রীরও যত্ন নিতে হবে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ২০:৪২
Image of Cosmetics.

বর্ষায় প্রসাধন সামগ্রীরও বাড়তি যত্ন নিতে হবে। ছবি: সংগৃহীত।

ছুটির দিনে বারান্দায় বসে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে ভাল লাগলেও, বর্ষার স্যাঁতসেঁতে ভাব অনেকেরই পছন্দ নয়। অধিকাংশ সময়ে আকাশ মেঘলা থাকে। রোদের দেখা পাওয়া যায় না। সেই জন্য স্যাঁতসেঁতে আবহাওয়া জামাকাপড়ও ঠিক করে শুকোয় না। হেঁশেলে কৌটোতে ভরা মশলাও কেমন যেন নেতিয়ে পড়ে। আলমারির তাকে যত্নে তুলে রাখা জামাকাপড়েও কেমন যেন সোঁদা গন্ধ লেগে থাকে। এই আবহাওয়ায় একই হাল হয় শখ করে কেনা প্রসাধনীগুলিরও। বর্ষায় পোশাক এবং মরসুমের সঙ্গে মিলিয়ে মনের মতো রূপটান করলেই শুধু হবে না, প্রসাধন সামগ্রীরও যত্ন নিতে হবে। বিশেষ করে বর্ষায় প্রসাধন সামগ্রীরও বাড়তি যত্ন নিতে হবে।

১) অনেকেরই অফিস ব্যাগে প্রসাধন সামগ্রী থাকে। তবে এখন বৃষ্টির কোনও ঠিক নেই। যখন-তখন ঝরে পড়ছে। সঙ্গে ছাতা না থাকলে ব্যাগপত্রও ভিজে যায়। সে ক্ষেত্রে ভিজে ব্যাগে থাকা প্রসাধনীগুলি নষ্ট হয়ে যেতে পারে। লিপস্টিক, আইলাইনার, মাসকারা এমনি অফিস ব্যাগে ভরে না নিয়ে বরং ওয়াটারপ্রুফ মেকআপ ব্যাগ কিনে নিন। তাতে ভরে তার পর অফিস ব্যাগে নিলে অসুবিধা হওয়ার কথা নয়।

image of make up.

যত্নে রাখুন প্রসাধনী। ছবি: সংগৃহীত।

২) তাড়াহুড়ো হোক কিংবা অন্যমনস্কতা, প্রসাধনী ব্যবহারের পর সঠিক ভাবে তার ঢাকনা বন্ধ করতে ভুলে যান অনেকে। কিন্তু বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় প্রসাধনী নষ্ট হয়ে যেতে পারে। তাই এ সময়ে ব্যবহারের পর প্রসাধনীর ঢাকনা ভাল করে বন্ধ করতে ভুলবেন না।

৩) যে সব প্রসাধনীতে পাউডারের ভাগ বেশি, এমন জিনিস সবচেয়ে বেশি কাজে লাগে বর্ষাকালে। তাই এ সময়ে আইশ্যাডো, ফেস পাউডারের মতো প্রসাধনীর বাড়তি যত্ন নিতে হবে। খোলা জায়গায় না রেখে চেষ্টা করুন এ ধরনের প্রসাধনগুলিকে শুকনো বদ্ধ কোনও জায়গায় রাখতে।

৪) শুধু প্রসাধনী নয়, মেকআপ ব্রাশও কিন্তু এই বর্ষায় নষ্ট হয়ে যেতে পারে। তাই মেকআপ ব্রাশও সযত্নে রাখা জরুরি। মেকআপ ব্রাশগুলি পারলে চেন আঁটা পাউচে ভরে রাখুন।

৫) বর্ষায় কোনও প্রসাধনী ব্যবহার করার আগে দেখে নিন, সেগুলি ঠিক আছে কি না। এ সময়ে বাতাসের অত্যধিক আর্দ্রতায় প্রসাধনীতে ব্যাক্টেরিয়া জন্ম নিতে পারে। যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

Make up Cosmetics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy