চুল লম্বা ও সুন্দর রাখা যেমন আনন্দের, তেমনই ঝক্কির। সারাদিন তো যত্ন নিলেন, কিন্তু রাতে ঘুমের সময় কী করছেন? চুল আলগা ছেড়ে ঘুমালে জট পেকে যেমন ছিঁড়ে যায়, তেমনই ভুল ভাবে বাঁধলে ঘষা লেগে গোড়া বা ডগার ক্ষতি হতে পারে। যা লম্বা ঘন চুলের অন্তরায়। অনেকেই রাতে ঘুমনোর সময় ক্লাচার বা ক্রাঞ্চি দিয়ে চুল উঁচু করে বেঁধে ঘুমোন। কেউ কেউ আবার বেঁধে নেন বিনুনি। প্রশ্ন হল, রাতে ঘুমোনোর সময় কী ভাবে চুল বাঁধলে চুল ভাল থাকবে। নষ্ট হবে না।
চুল নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা বলছেন, রাতে ঘুমানোর জন্য সবচেয়ে নিরাপদ ও সেরা উপায় হল হালকা করে বিনুনি করা।
কেন বিনুনি করবেন?
ঘর্ষণ ও জট এড়াতে: রাতে ঘুমানোর সময় বালিশের সাথে চুলের যে ঘর্ষণ হয়, বিনুনি তা অনেকটাই কমিয়ে দেয়। ফলে চুল জট পাকায় না এবং চুল ভাঙা কমে।
গোড়ায় চাপ কমে: হালকা বিনুনি করলে চুলের গোড়ায় কোনো বাড়তি টান পড়ে না। ফলে চুল পড়ার আশঙ্কা থাকে না।
প্রাকৃতিক টেক্সচার: রাতে বিনুনি করে শুলে সকালে চুলে একটা চমৎকার ও স্বাভাবিক ওয়েভি লুক পাওয়া যায়।
খোঁপা কেন এড়িয়ে চলবেন?
অনেকেই আরামের জন্য চুল পেঁচিয়ে মাথার ওপর শক্ত খোঁপা বা টপ-নট করে ঘুমান। এটি চুলের জন্য বেশ ক্ষতিকর। শক্ত করে খোঁপা বাঁধলে চুলের গোড়ায় অনবরত টান পড়ে, যার ফলে চুল মাঝখান থেকে ভেঙে যায় এবং সামনের চুল পাতলা হয়ে যেতে পারে।
যা যা মনে রাখবেন
কখনোই ভেজা চুলে বিনুনি করবেন না বা ঘুমাতে যাবেন না। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে, ফলে চুল বেশি ছেঁড়ে।
চুল বাঁধতে প্লাস্টিক বা সরু ইলাস্টিক ব্যান্ডের বদলে সাটিন বা সিল্কের ক্রাঞ্চি ব্যবহার করুন।
সাধারণ সুতির বালিশের কভারের বদলে সিল্ক বা সাটিনের কভার ব্যবহার করলে চুলে ঘর্ষণ সবচেয়ে কম হয়।