Advertisement
E-Paper

পার্লারের দিন শেষ! ত্বকের ভবিষ্যৎ বলবে রোবট, বাড়িতেই রাখা যাবে ৫০০০ টাকা খরচে

ত্বকের কোথায় লুকিয়ে আছে অবাধ্য একখানা ব্রণ কিংবা ঠিক কোন ক্রিমটা মাখলে আগামিকালের পার্টিতে সবচেয়ে উজ্জ্বল দেখাবে, তা জানার জন্য আর পার্লারে ছোটার প্রয়োজন নেই। ছোট্ট একটা যন্ত্রই এখন হবে আপনার সবচেয়ে বিশ্বস্ত রূপচর্চাশিল্পী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭
Key Capabilities and Usage of AI Skin Analyzers in modern days

মুখে কী মাখবেন, কোন ফেশিয়াল করাবেন, খুঁটিনাটি জানাবে এআই স্কিন অ্যানালাইজ়ার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সালোঁয় গিয়ে এত দিন সেই চেনা সংলাপ শুনে এসেছেন— "আপনার ত্বক বড্ড শুকনো!" সুবেশা তরুণী নাকের দু’পাশ দেখে, থুতনির ভাঁজে আঙুল চালিয়ে বলেছেন, ত্বক জুড়েই নাকি বলিরেখার আাঁকিবুঁকি। একটা ফেশিয়াল না করালেই নয়। বার বার এক কথা শুনতে শুনতে মনের কোণে সন্দেহটা উঁকি দিয়েই যেত। সত্যিই কি ত্বকের অবস্থা এতটাই খারাপ? না কি শুধু পণ্য বেচার ফন্দি?

ত্বক যেমনই হোক না কেন, তার সঠিক মূল্যায়নের জন্য আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। কোন ক্রিমটা সকালে মাখবেন, কোনটা রাতে, আর কোন ফেশিয়ালটা করাবেন, কোনটা করাবেন না, তা জানাতে যন্ত্র এসে গিয়েছে বাজারে। ‘এআই স্কিন অ্যানালাইজ়ার’ এমন এক ডিভাইস, যাকে সবজান্তা রূপচর্চা শিল্পী বললেও ভুল হয় না। মুখ দেখে অনুমানের ভিত্তিতে একজন মানুষ যতটা বলবেন, তার ঢের গুণ বেশি বলবে ওই যন্ত্র। কারণ অনুমান নয়, যন্ত্রটি ত্বকের গভীরে চোখ রাখবে। নিখুঁত বিশ্লেষণ করবে ত্বকের প্রতিটি কোষের। তার পর ঝরঝর করে বলে দেবে ত্বকের ঠিকুজি-কোষ্ঠী। করার মধ্যে শুধু যন্ত্রটি মুখের সামনে ধরতে হবে। তার পরেই ‘ম্যাজিক’। নিজের ত্বক নিয়ে এত দিন যা জানতেন না, কস্মিনকালেও ভাবেননি, তা-ও জেনে যাবেন কয়েক মিনিটে। ত্বক আদৌ শুষ্ক না তৈলাক্ত, বলিরেখা আছে না পড়ব পড়ব করছে, বয়স হলে মুখের আদল ঠিক কেমন হবে, সবটাই জানিয়ে দেবে ‘এআই স্কিন অ্যানালাইজ়ার’। নামীদামি সালোঁয় এমন ‘অ্যানালাইজ়ার’মেশিন থাকে। গাঁটের কড়ি খসিয়ে ত্বকের ভাবসাব জানা যায় যাতে। অবশ্য সেখানে শুধু মেশিন নয়, সেটি যিনি চালাচ্ছেন তিনিও তাঁর বক্তব্য রাখেন। আর সেটিই চোখ বুজে বিশ্বাস করে নিতে হয়। কিন্তু এখন রোজের ব্যবহারের উপযোগী ছোটখাটো যন্ত্র এসে গিয়েছে, যা বাড়িতেই রাখা যাবে। কলকাতাতেও এই যন্ত্র এখন পাওয়া যাচ্ছে। অনলাইনেও সহজলভ্য।

ত্বকের ঠিকুজি-কোষ্ঠী জানাবে ‘এআই স্কিন অ্যানালাইজ়ার’।

ত্বকের ঠিকুজি-কোষ্ঠী জানাবে ‘এআই স্কিন অ্যানালাইজ়ার’। ছবি: ফ্রিপিক।

রূপচর্চাতেও রোবটের রাজত্ব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সের প্রয়োগ এখন সর্বত্র। রূপচর্চার দুনিয়াতেও নাক গলিয়ে ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। 'এআই স্কিন অ্যানালাইজ়ার' তৈরি হয়েছে এআই অ্যালগরিদ্‌ম এবং রোবোটিক্সের প্রযুক্তিকে কাজে লাগিয়েই। এটি এমন এক ডিভাইস, যা উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং মাল্টি-স্পেকট্রাল ইমেজিং ব্যবহার করে মুখের ছবি তুলবে। তার পর সেই ছবির গভীরে গিয়ে ত্বকের বিশ্লেষণ করবে। সাধারণ চোখে যে সমস্যাগুলি ধরা পড়ে না, সেগুলিও দেখবে। যেমন, ত্বকের ঠিক কোন কোন জায়গায় বলিরেখা পড়তে পারে, তা কোনও মানুষ চোখে দেখে বলতে পারবেন না। কিন্তু এআই অ্যানালাইজ়ার পারবে। কোন বয়সে ত্বকের কোথায় বলিরেখা পড়তে পারে, চোখের নীচে ঠিক কতখানি কালির পোঁচ রয়েছে, ত্বকের কোন অংশে দাগছোপ পড়বে পড়বে করছে, সেই সব বলে দেবে যন্ত্রটি। অর্থাৎ, ত্বকের আগাগোড়া ডেটাবেস তৈরি করে দেবে এক লহমায়।

তবে এই যন্ত্র যে কেবল সমস্যা বলবে তা নয়, সমাধানের পথও বাতলে দেবে। যেমন, কোন ক্রিমটি ত্বকের জন্য উপযুক্ত, তা জানাবে। শুষ্ক, তৈলাক্ত, স্পর্শকাতর বিভিন্ন ধরনের ত্বক হয়। এক এক রকম ত্বকের জন্য এক একটি উপাদান কার্যকর। কারও ত্বকের জন্য স্যালিসাইলিক অ্যাসিড ভাল, কারও হায়ালুরনিক অ্যাসিড, কারো বেশি রেটিনল যুক্ত ক্রিম মেখে ফেললেই ত্বকে র‌্যাশ বেরিয়ে যায়। কার জন্য কোনটি, তা বলে দেওয়াই অ্যানালাইজ়ারের কাজ।

ত্বকের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গিয়ে বিশ্লেষণ করবে এআই রোবট।

ত্বকের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গিয়ে বিশ্লেষণ করবে এআই রোবট। ছবি: ফ্রিপিক।

কী ভাবে কাজ করবে?

তিন পদ্ধতিতে কাজ করবে যন্ত্রটি। এর মাল্টি-স্পেকট্রাল ইমেজিং সাধারণ আলোর পাশাপাশি অতিবেগনি রশ্মি ব্যবহার করবে। কারণ সাধারণ আলোতে যে দাগছোপ ধরা পড়ে না, তা অতিবেগনি রশ্মিতে দিব্যি বোঝা যায়। ত্বকের চরিত্র বুঝতে এই রশ্মিকেই কাজে লাগাবে স্কিন অ্যানালাইজ়ার।

ডিপ লার্নিং পদ্ধতিতে সমস্ত তথ্য বিশ্লেষণ করবে। এর কাছে লক্ষ লক্ষ ডেটা থাকবে। আপনার ছবি তোলার পর কম্পিউটার ভিশন অ্যালগরিদ্‌ম সেই ছবির প্রতিটি পিক্সেল (ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ) বিশ্লেষণ করবে। তার পর রিপোর্ট দেবে।

ত্বক বেশি শুষ্ক না তৈলাক্ত, এআই ডিভাইস দেবে নির্ভুল তথ্য।

ত্বক বেশি শুষ্ক না তৈলাক্ত, এআই ডিভাইস দেবে নির্ভুল তথ্য। ছবি: ফ্রিপিক।

প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ত্বকের বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যৎ রূপ বর্ণনা করবে। যেমন— আপনার ত্বকের আর্দ্রতা বা কোষের বৈশিষ্ট্য দেখে বলে দেবে আগামী কয়েক বছরে ত্বকের কোথায় বলিরেখা পড়ার সম্ভাবনা আছে।

স্মার্ট ফেশিয়াল ডিভাইস

শুধু স্কিন অ্যানালাইজ়ার নয়, ফেশিয়াল ডিভাইসও বেরিয়ে গিয়েছে এখন। অনেক ক্ষেত্রে একই যন্ত্রে দুইয়ের সুবিধা পাওয়া যাচ্ছে। এটিও কাজ করবে তিন ধাপে—

দামের উপর নির্ভর করে যন্ত্রটি নানা রকম হয়।

দামের উপর নির্ভর করে যন্ত্রটি নানা রকম হয়। ছবি: সংগৃহীত।

স্ক্যানিং ও কাস্টমাইজেশন: ফেশিয়াল শুরু করার আগে ডিভাইসটি ত্বক স্ক্যান করবে এবং জানাবে কতটা এক্সফোলিয়েশন জরুরি, কোন ফেশিয়াল এই ত্বকের জন্য ভাল।

ট্রিটমেন্ট: ডিভাইসটি জানাবে কোন কোন ক্রিম বা জেল ব্যবহার করে ফেশিয়াল করলে ভাল হবে। ত্বকের কোন জায়গায় একটু বেশি সিরাম লাগাতে হবে, কোথায় কম, তা-ও জানিয়ে দেবে।

থেরাপিউটিক লাইট: এলইডি থেরাপিতে ত্বকের জেল্লা বৃদ্ধির পদ্ধতিও এর জানা। ব্রণর জন্য নীল আলো, অ্যান্টি-এজিংয়ের জন্য লাল আলো জরুরি। কোন আলোর থেরাপিতে আপনার ত্বক ঠিক তারকাদের মতো হয়ে উঠবে, তা-ও কিন্তু জানিয়ে দেবে এই যন্ত্র।

কোথায় পাবেন, দাম কত?

বিভিন্ন বিউটি ক্লিনিকে এই যন্ত্রটি পাওয়া যাবে। অনলাইনেও পাওয়া যাচ্ছে এখন। ডিভাইসের ধরন অনুযায়ী দাম পড়বে। সাধারণ সেন্সর থাকলে এর দাম ১ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে হবে। যদি আকারে বড় ও ত্রিমাত্রিক সুবিধাযুক্ত মেশিন চান, তা হলে দাম একটু বেশিই পড়বে। সে ক্ষেত্রে দাম শুরু হবে ৬০ হাজার টাকা থেকে।

Skin Care Tips Artificial Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy