Advertisement
E-Paper

আমের আঁটি ফেলে দিচ্ছেন? শুকিয়ে গুঁড়ো করে মাখা যায় মুখে, কী ভাবে বানাবেন তা দিয়ে প্যাক

আমের আঁটি বা বীজটি শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করা চলে রূপচর্চাতেও। আম ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। সেই গুণই ত্বকের জেল্লা ফেরাতে কাজে আসে। কী ভাবে তা দিয়ে ফেস প্যাক বানাবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১১:৫৯
শুকিয়ে যাওয়া আমের আঁটিতেই উজ্জ্বল হবে ত্বক!

শুকিয়ে যাওয়া আমের আঁটিতেই উজ্জ্বল হবে ত্বক! ছবি: এআই সহায়তায় প্রণীত।

স্বাদ বিচারে কেউ বলেন ‘ফলের রাজা’। খোসা ছাড়ালেই ভিতরে উঁকি দেয় হলদে বা কমলাটে রসে টইটম্বুর শাঁস। যেমন তার স্বাদ, তেমনই তার গন্ধ। বৈচিত্রও তেমনই। গ্রীষ্মের ফল আমটি খেয়ে আঁটি ফেলে দেওয়াই দস্তুর। সেই আঁটি উপযুক্ত আধার পেলে গাছ হয়ে বাড়ে।

তবে আঁটি বা বীজটি শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করা চলে রূপচর্চাতেও। আম ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। সেই পুষ্টিগুণ শুধু শাঁসেই মেলে না, পাওয়া যায় খোসা থেকে আঁটিতেও। ভিটামিন সি, এ এবং কিছু ফ্যাটি অ্যাসিডও থাকে এতে।

১। আমের বীজে থাকে ফ্যাটি অ্যাসিড, যা ত্বকে ময়েশ্চারাইজ়ার হিসাবে কাজ করে। আমের আঁটি শুকিয়ে গুঁড়ো করে মুখে মাখলে তা যেমন মৃত কোষ ঝরাতে সাহায্য করবে, তেমনই মুখে আর্দ্রতারও জোগান দেবে।

২। আমে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট। অক্সিডেটিভ স্ট্রেসের কারণে ত্বকের যে ক্ষতি হয়, তা রুখতে দরকার হয় অ্যান্টি-অক্সিড্যান্ট। ত্বকের পুনরুজ্জীবনে সহায়ক হতে পারে ফলটি।

৩। আমে থাকা তেল ও খনিজ ত্বকের বর্ম হিসাবে কাজ করে। ফলে প্রবল গরমেও ত্বকের জেল্লা বজায় থাকে।

কী ভাবে ব্যবহার করবেন আমের আঁটি

· বাজারে আমের আঁটির গুঁড়ো পাওয়া যায়। চাইলে বাড়িতেও আঁটি ভাল করে শুকিয়ে মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন। এই গুঁড়ো দুধে ভিজিয়ে নরম করে মুখে মাসাজ করুন। স্ক্রাবের কাজ করবে।

· আমের আঁটির গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ টক দই এবং ৩-৪ ফোঁটা মধু মিশিয়ে নিন। মুখ ধুয়ে মিশ্রণটি মাখুন। ২ মিনিট মাসাজ করে নিন। তার পরে আরও ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মুখের কালচে ভাব উঠে যাবে।

· আমের আঁটির গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ নারকেল তেল বা সুইট আমন্ড অয়েল মিশিয়েও প্যাক হিসাবে লাগাতে পারেন। এতেও রুক্ষ ত্বকে জেল্লা ফিরবে।

Skin Care Tips Mango Seed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy