বৃহস্পতিবার শেষকৃত্য হচ্ছে না সদ্যপ্রয়াত পরিচালক অনীক দত্তের। পরিবারের পক্ষ থেকে তাঁর প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত একটি বার্তায় জানিয়েছেন, শুক্রবার পরিচালকের শেষকাজ সম্পন্ন হবে। ময়নাতদন্তের পরে পরিচালকের দেহ রাখা হয়েছে ‘পিস ওয়ার্ল্ড’-এ।
বুধবার শোনা গিয়েছিল, তাঁর একমাত্র কন্যা ঐশী দত্ত বৃহস্পতিবার সুইডেন থেকে ভারতে ফিরবেন। বৃহস্পতিবার বিকালে নন্দনে পরিচালকের দেহ শায়িত রাখা হবে বলেও জানা গিয়েছিল। তার পরে কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হবে তাঁকে বলে জানা যায়। তবে ২৮ মে একটি লিখিত বার্তায় সন্ধি জানিয়েছেন যে, অনীকের মেয়ে ফিরবেন বৃহস্পতিবার সন্ধ্যায়। তাঁর ইচ্ছা অনুসারে শুক্রবার তাঁর বাবার শেষকৃত্য হবে। খবর, নন্দনে প্রয়াত পরিচালককে আদৌ রাখা হবে কি না, তাই নিয়েও নাকি দ্বিমত তৈরি হয়েছে।
আরও পড়ুন:
বুধবার দুপুরে হিন্দুস্তান পার্কে, প্রাক্তন স্ত্রীর বাড়িতে যান অনীক। সিসিটিভির ফুটেজ অনুযায়ী, একা উঠে যান ছাদে। খবর, চার তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, পরিচালকের দেহে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মাথার বাঁ দিকের খুলির হাড় ভাঙা। বাঁ দিকের পাঁজর ভেঙেছে। বাঁ দিকের পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। পরিচালকের বাঁ দিকের কোমরও ভেঙে গিয়েছে। বাঁ দিকের মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। এমনকি, ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল বলেও প্রাথমিক রিপোর্ট বলছে। পরিচালক চার তলার ছাদ থেকে পড়ে যাওয়ার সময় আবাসন সংলগ্ন গাছের ডালসমেত ভেঙে মাটিতে পড়েন বলে খবর।