Advertisement
E-Paper

নিট ইউজি-র আবেদনমূল্য ফেরত পাবেন প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী, আবেদন জানানো যাবে কত দিন?

প্রশ্নফাঁসের জেরে ৩ মে-র নিট ইউজি বাতিল হওয়ার পর পরীক্ষার্থীদের আবেদন মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শুরুতে ২৭ মে পর্যন্ত আবেদনের শেষ দিন ঘোষণা করা হলেও সম্প্রতি সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১২:০৬

ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রশ্নফাঁসের জেরে ৩ মে-র নিট ইউজি বাতিল করা হয়। পরীক্ষা বাতিল হওয়া নিয়ে বিক্ষোভের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আবেদনমূল্য ফেরত দেওয়ার কথা ঘোষণা করে। টাকা ফেরত পাওয়ার জন্য পরীক্ষার্থীদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দেয় এনটিএ। সেই সময়সীমাই বর্ধিত করার কথা ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। তাঁদের প্রত্যেককে আবেদনমূল্য যাতে ফিরিয়ে দেওয়া যেতে পারে, তাই ২২ জুন পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। ওই সময়ের মধ্যে পরীক্ষার্থীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিয়ে আবেদন জানানোর সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের সুবিধার জন্য স্ক্যান করা ‘ক্যান্সেলড চেক’ জমাও দিতে পারবেন তাঁরা।

তবে, এনটিএ-র তরফে এই সব তথ্য সঠিক ভাবে জমা দেওয়ার আর্জি জানানো হয়েছে। কোথাও কোনও ত্রুটি থেকে গেলে তা সংশোধনের সুযোগ পাওয়া যাবে না। এ জন্য পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা নাম অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডারের নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম জমা দিতে হবে।

সংস্থার তরফে এ-ও পরামর্শ দেওয়া হয়েছে, নিজস্ব পোর্টালের মাধ্যমে ফি ফেরতে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে। তাই নিট ইউজি ২০২৬ পরীক্ষার ফি সংক্রান্ত কোনও ‘চার্জ ব্যাক রিকোয়েস্ট’ বিকল্প পরীক্ষার্থীরা যেন না বেছে নেন।

২১ জুন বাতিল হওয়া পরীক্ষা পুনরায় নেওয়া হবে। তবে, তার জন্য নতুন করে কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না পরীক্ষার্থীদের। মেডিক্যালের স্নাতকের এই প্রবেশিকা দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে হতে চলেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন বিহার এবং পঞ্জাব সরকারের তরফে বিনামূল্য বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

National Testing Agency Refund Question Paper Leaked
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy