দ্বাদশের পর উচ্চ শিক্ষার সুযোগ পেতে উত্তীর্ণ হতে হয় কোনও না কোনও প্রবেশিকা পরীক্ষায়। প্রতিযোগিতামূলক সে সব পরীক্ষা কোন দিকে খুলে দেবে সাফল্যের দরজা, বিস্তারিত রইল এই প্রতিবেদনে—
চিকিৎসাবিদ্যা
নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) উত্তীর্ণ হতে হয় স্নাতক স্তরের পড়াশোনা শুরুর জন্য। বিজ্ঞান বিভাগ-সহ দ্বাদশ উত্তীর্ণ হলে এই পরীক্ষায় বসা যায়।
ইঞ্জিনিয়ারিং
জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড-এ উত্তীর্ণ হয়ে দেশের আইআইটি-তে ভর্তি হওয়ার সুযোগ মেলে।
জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) মেনস্-এ উত্তীর্ণ হয়ে এনআইটি, আইআইআইটি এবং অন্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হওয়া সুযোগ থাকে।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন-এ (জেইই) উত্তীর্ণ হলে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির সুযোগ থাকে।
এ ছাড়াও বিআইটিএস উত্তীর্ণ হয়েও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে।
ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে দ্বাদশে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকায় উত্তীর্ণ হওয়ার পর মেধাতালিকার ভিত্তিতে কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি হওয়া যায়।
আইন
কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) বা অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট (এআইএলইটি) উত্তীর্ণ হতে হয়। ক্ল্যাট উত্তীর্ণ হয়ে দেশের আইন কলেজগুলিতে আইন নিয়ে পড়ার সুযোগ রয়েছে। এআইএলইটি উত্তীর্ণ হয়ে মূলত ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়। আবেদনের জন্য যে কোনও বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হতে হয়।
ম্যানেজমেন্ট
দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর সরাসরি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে বিবিএ বা এমবিএ পড়ার জন্য বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। এ ক্ষেত্রে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট বা জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট উত্তীর্ণ হতে হয়।
স্নাতক ও স্নাতকোত্তর
কেন্দ্রীয় সরকার অধীনস্থ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট) ইউজি বা পিজি প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়।
আরও পড়ুন:
নার্সিং
সর্বভারতীয় স্তরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) থেকে নার্সিং-এ স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে এমস আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। এ ছাড়াও রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফেও নার্সিং পড়ার প্রবেশিকা আয়োজন করা হয়ে থাকে। যে প্রবেশিকায় উত্তীর্ণ হলে রাজ্যের নার্সিং কলেজগুলিতে ভর্তি হওয়া যায়।
বিজ্ঞান ও গবেষণা সংক্রান্ত কোর্স
ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে ব্যাচেলর অফ সায়েন্স পড়তে হলে আইআইএসইআর অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হয়। যে সকল পড়ুয়া ভবিষ্যতে গবেষক বা বিজ্ঞানী হওয়ার লক্ষ্য এগোচ্ছেন, তাঁদের এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয় আইআইএসইআর-এ পড়ার জন্য।
ফ্যাশন
এ ছাড়াও ডিজ়াইন নিয়ে পড়তে হলে আন্ডারগ্র্যাজুয়েট কমন এন্ট্রান্স এগ্জ়ামিনেশন ফর ডিজ়াইন উত্তীর্ণ হতে হয়। এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলে আইআইটি বোম্বে-সহ অন্যান্য আইআইটিতেও ভর্তি হওয়ার সুযোগ মেলে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্জ়ামিনেশন উত্তীর্ণ হয়ে এনআইএফটি-তে ফ্যাশন সংক্রান্ত নানা কোর্সে ভর্তি হওয়া যায়।
এ ছা়ড়া, সিএ পড়ার জন্য সিএ ফাউন্ডেশন পরীক্ষা দিতে হয়। সরকারি প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন উত্তীর্ণ হতে হয়।
এমনই একাধিক পেশাভিত্তিক কোর্সের ক্ষেত্রেও প্রবেশিকা পরীক্ষা হয়ে থাকে। সাধারণত দ্বাদশের পর উচ্চ শিক্ষা অর্জনের জন্য নিজের যোগ্যতার পরীক্ষা দিয়েই পরবর্তী পড়াশোনার সুযোগ মেলে।