Advertisement
E-Paper

বিশ্বরেকর্ড জোকোভিচের! ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে ভাঙলেন ফেডেরারের নজির

বিশ্বরেকর্ড গড়লেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে এই রেকর্ড গড়েছেন তিনি। ভেঙেছেন রজার ফেডেরারের নজির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১২:৪০
sports

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে নোভাক জোকোভিচের উল্লাস। ছবি: রয়টার্স।

চার সেটের লড়াইয়ে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। এই ম্যাচে খেলতে নেমে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ভেঙেছেন রজার ফেডেরারের নজির।

ফরাসি ওপেনে নিজের ১২০তম ম্যাচ খেললেন জোকোভিচ। ওপেন এরায় তিনিই একমাত্র খেলোয়াড় যিনি একটি নির্দিষ্ট গ্র্যান্ড স্ল্যামে এত ম্যাচ খেলেছেন। এর আগে এই রেকর্ড ছিল ফেডেরারের দখলে। উইম্বলডনে ১১৯টি ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন আট বার। অস্ট্রেলিয়ান ওপেনে ১১৭টি ম্যাচ খেলেছেন ফেডেরার। ফরাসি ওপেনে জোকোভিচের আগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল রাফায়েল নাদালের দখলে। ১১৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। সকলকে ছাপিয়ে গিয়েছেন জোকোভিচ।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পুরুষদের তৃতীয় বাছাই জোকোভিচের খেলা ছিল নেদারল্যান্ডসের ভ্যালেন্টিন রোয়ারের বিরুদ্ধে। চার সেটের লড়াইয়ে (৬-৩, ৬-২, ৬-৭, ৬-৩) জেতেন নোভাক। প্রথম দুই সেট জিততে বিশেষ সমস্যা হয়নি জোকোভিচের। অবাছাই রোয়ার যে তাঁর সামনে খুব বেশি প্রতিরোধ গড়তে পারবেন না তা বোঝা যাচ্ছিল।

কিন্তু তৃতীয় সেটে ফেরেন রোয়ার। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে হারেন জোকোভিচ। প্রথম রাউন্ডেও এক সেট খুইয়েছিলেন জোকোভিচ। ফলে দুই রাউন্ডেই স্ট্রেট সেটে জিততে পারলেন না তিনি। তবে চতুর্থ সেটে আবার দেখা যায় পুরনো জোকোভিচকে। গোটা ম্যাচে ছ’বার রোয়ারের সার্ভিস ভাঙেন জোকোভিচ। তবে তাঁর সার্ভিসও দু’বার ভাঙেন রোয়ার। পরের রাউন্ডের আগে নিজের সার্ভিস নিয়ে আরও একটু সতর্ক হতে হবে তাঁকে।

এই নিয়ে ২১ বার ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন জোকোভিচ। এটিও বিশ্বরেকর্ড। তিনি ছুঁয়েছেন ফেডেরারকে। ২১ বার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ফেডেরার। উইম্বলডন ও ইউএস ওপেনেও এই রেকর্ড জোকোভিচের দখলে। উইম্বলডনে ১৯ ও ইউএস ওপেনে ১৮ বার তৃতীয় রাউন্ডে উঠেছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

গ্র্যান্ড স্ল্যামে সব মিলিয়ে ৭৭ বার তৃতীয় রাউন্ডে উঠেছেন জোকোভিচ। এই রেকর্ড আর কারও নেই। ফেডেরার সব গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে ৭৪ বার তৃতীয় রাউন্ডে উঠেছেন। তাঁকে ছাপিয়ে গিয়েছেন সার্বিয়ার তারকা।

Novak Djokovic Roger Federer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy